৪০টি হাতবোমা বোমার সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর যুবদলের সভাপতি এবং পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতীনগর উচ্চবিদ্যালয়-সংলগ্ন ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় ওই বাসা থেকে ৪০টি হাতবোমা, বোমা তৈরির কাজে ব্যবহূত বিস্ফোরক পাউডারসহ অন্যান্য সরঞ্জাম, দুটি চাপাতি, দুটি বার্মিজ চাকু, ট্রেন ও রেললাইনের নাট খুলে ফেলার যন্ত্র (হুইল রেঞ্জ) উদ্ধার করে পুলিশ। ডিবি কার্যালয়ে আনার পর হাতবোমাগুলো পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।
মাসুদ রানার বিরুদ্ধে কমপক্ষে ১৪টি মামলা রয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘মাসুদ সর্বশেষ গত মঙ্গলবার অবরোধ চলাকালে শহরতলির বনানী এলাকায় পুলিশের ওপর ককটেল হামলা ও সহিংস ঘটনায় অংশ নেন। ফুলদীঘি এলাকায় সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রমজান আলীর (৫০) ওপর হামলা চালিয়ে তাঁর শ্বাসনালি কেটে দিয়ে হত্যার চেষ্টা করেন। রমজানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ কনস্টেবল রমজান আলী মাত্র এক মাস আগে জয়পুরহাট সদর থানায় বদলি হয়ে যান। আদালতে সাক্ষ্য দিতে এসে গত মঙ্গলবার ওই হামলার শিকার হন তিনি। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।