৪০০ আসন ১০ হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচে ৪০০ আসনের বিপরীতে প্রায় ১০ হাজার আবেদনপত্র জমা পড়েছে। প্রতি আসনের জন্য ভর্তিযুদ্ধে অবতীর্ণ হবেন প্রায় ২৫ জন। গত ২৩ সেপ্টেম্বর অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র জমা পড়ে।বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি জানায়, ৪০০ আসনের বিপরীতে চূড়ান্ত বাছাইয়ে নয় হাজার ৯২৪টি আবেদন বৈধ বলে বিবেচিত হয়েছে। ভর্তির ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি পয়েন্ট চাওয়া হয়েছে। চতুর্থ বিষয় বাদ দিয়েই সাড়ে ৭ পয়েন্ট চাওয়া হয় বিজ্ঞান বিভাগের জন্য। অন্যান্য বিষয়েও একইভাবে পয়েন্ট বেশি হওয়ায় আবেদন পড়েছে ১০ হাজার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, প্রথমবারেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন ভালোভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকায় এখানকার শিক্ষকেরা অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে মানসম্পন্ন।বরিশালে আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ২০১২ সালের জানুয়ারি মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে অস্থায়ী ক্যাম্পাস জেলা স্কুলে।