সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বড় ডহর নদের পানি সেচে মাছ ধরার কারণে ৪০০ একর বোরো জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। পানি সেচে নদ শুকানো বন্ধ করতে ৩ ফেব্রুয়ারি কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, উপজেলা সদরের মইয়ার হাওরের গন্ধর্বপুর মৌজায় অবস্থিত বড় ডহর নদের পানি থেকে সেচ দিয়ে বোরো আবাদ করা হয়। চিলাউড়া গ্রামের গৌছ আলী ও গন্ধর্বপুর গ্রামের প্রাণনাথ সরকার কয়েক দিন আগে মাছ ধরার জন্য নদের পানি শুকানোর কাজ শুরু করেন। কৃষকেরা এতে বাধা দিলে নদটি মাছ ধরার জন্য বন্দোবস্ত এনেছেন বলে দাবি করে কাজ চালিয়ে যান তাঁরা। এর পানি শুকিয়ে গেলে মইয়ার হাওরের ৪০০ একর জমির ফসল অনাবাদি হয়ে পড়বে।
গন্ধর্বপুর গ্রামের কৃষক নুর রহমান জানান, ওই হাওরে তাঁর ছয় হাল (২১ একর ৬০ শতাংশ) বোরো জমি রয়েছে। একমাত্র বড় ডহর নদ থেকে পানি সেচে চাষাবাদ করতে হয়। এবার তা শুকিয়ে ফেললে জমিগুলো অনাবাদি হয়ে যাবে।
আরেক কৃষক সমছুল হক জানান, তিনি এবার ওই হাওরের তিন হাল (১০ একর ৮০ শতাংশ) জমি নিয়ে বিপাকে পড়েছেন। এভাবে নদ শুকিয়ে ফেললে বোরো আবাদের সেচ-সুবিধা থাকবে না।
গন্ধর্বপুর গ্রামের যুবক আজমল হোসেন মিঠু জানান, নদটি শুকিয়ে গেলে গন্ধর্বপুর অংশের ২০০ একর এবং স্বজনশ্রী অংশের আরও ২০০ একর জমি অনাবাদি থাকবে। ফলে এলাকার কৃষকদের বোরো আবাদ থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।
নদের পানি সেচকারী গৌছ আলী জানান, কৃষকদের অভিযোগ সঠিক নয়। বোরো আবাদের জন্য সেচের পর্যাপ্ত পানি নদে থাকবে। মাছ ধরার সুবিধার্থে কিছু পানি কমানো হয়েছিল।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজলুল হক বলেন, ‘মাছ ধরার জন্য নদের পানি সেচে শুকানো বন্ধ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছি।’
জগন্নাথপুরের ইউএনও হুমায়ুন কবির বলেন, ‘নদের পানি সেচ দিয়ে শুকানোর কোনো নিয়ম নেই। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’