৪০০ একর জমিতে বোরো চাষে অনিশ্চয়তা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সোনাকান্দি-নলগড়িয়া হাওরের সেচ প্রকল্প নিয়ে দুটি পক্ষের বিরোধের কারণে প্রায় ৪০০ একর জমির সেচসুবিধা অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকেরা বলছেন, এভাবে আর সপ্তাহ কি ১০ দিন গেলে এবারের মওসুমের বোরো-আমনের চাষ থেকে তাঁরা পুরো বঞ্চিত হবেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হাওর এলাকার কৃষিজমিতে সেচসুবিধা দিতে বিভিন্ন প্রকল্প সেচ কমিটির মাধ্যমে ইজারা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে এই কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহসভাপতি ও উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তা এর সদস্যসচিব।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ও মুরাদপুর ইউনিয়ন এলাকার হাওরের সোনাকান্দি-নলগড়িয়া প্রকল্পটি নয় বছর ধরে একাধারে ইজারা নিয়ে সেচসুবিধা দিয়ে আসছেন ওই এলাকার বিথঙ্গল গ্রামের মধু মিয়া। এ বছরও তিনি ইজারা নিতে চাইলে একরপ্রতি কৃষকদের সেচসুবিধা বাবদ দুই হাজার ১০০ টাকা করে ধার্য করেন। কিন্তু এই দর কৃষকেরা মানতে রাজি নন। তাঁরা এই দর নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি একই গ্রামের খলিল মিয়া কৃষকদের ঘোষণা দেন, তিনি একরপ্রতি দেড় হাজার টাকা নেবেন এই সেচসুবিধা দিতে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। দুটি পক্ষই সরকারদলীয় নেতাদের আশ্রয় নেয়।কৃষক আমির হোসেন বলেন, এভাবে আরও সপ্তাহ কি ১০ দিন গেলে এখানকার কৃষকেরা এবারের বোরো-আমন চাষ করতে পারবেন না।কৃষক মানিক মিয়া বলেন, ‘এই সেচ প্রকল্প নিতে এলাকার দুই প্রভাবশালীর দ্বন্দ্বের কারণে আমরা কৃষকেরা বিপাকে পড়েছি।’এ বিষয়ে খলিল মিয়া বলেন, ‘নয় বছর ধরে মধু মিয়া এখানকার কৃষকদের সেচ বাবদ ঠকাচ্ছেন। এবারও তিনি দর বেশি ধরায় কৃষকেরা মানছেন না। আমি ঘোষণা দিয়েছি, তাঁর ছেয়ে একরে ৬০০ টাকা করে কম দরে সেচসুবিধা দেব।’মধু মিয়া বলেন, ‘আমি কৃষকদের সঙ্গে কথা বলে একরে দুই হাজার ১০০ টাকা করে ধার্য করি। স্থানীয় কৃষি উন্নয়ন কর্মকর্তারা এই দরে সন্তোষ প্রকাশ করেছেন।’ কিন্তু সেচ কমিটির সভাপতি তাঁর প্রতিপক্ষের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আনেন মধু মিয়া।বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য আমরা সেচ কমিটির পক্ষ থেকে তদন্ত করতে দিয়েছি বিএডিসির কর্মকর্তাকে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ কমিটির সভাপতি ইকবাল হোসেন খান বলেন, দু-তিনবার বসেও এ বিষয়ে কোনো সুরাহা করতে পারেননি।দলীয় প্রভাব বিষয়ে তিনি বলেন, ‘এখানে প্রভাব খাটালে অনেক আগেই মধু মিয়াকে বাদ দিতাম তাঁর দলীয় পরিচয়ের কারণে। আমি চেষ্টা করছি, প্রকৃতভাবে কৃষকেরা যেন সুফল ভোগ করেন।’ এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান।