৪০০ কোটি টাকার অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদীর লাল টসটসে লিচু l ছবি: প্রথম আলো
ঈশ্বরদীর লাল টসটসে লিচু l ছবি: প্রথম আলো

ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমান উজ্জ্বল হোসেন (২৭)। পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর পূর্বপাড়ার এই যুবককে তাই দালালকে দিতে হয় তিন লাখ টাকা। কিন্তু বিদেশ-বিভুঁইয়ে দুই বছরের বেশি শ্রম-ঘাম দিলেও ভাগ্য আর বদলায়নি। যা আয় হতো, খেতে-পরতেই প্রায় শেষ।
শেষ পর্যন্ত হতাশ হয়ে দেশে ফিরে আসেন উজ্জ্বল। অন্যের সাফল্যের কথা শুনে লিচু চাষের চিন্তা মাথায় ঢোকে তাঁর। কিন্তু সামান্য পুঁজি ছাড়া নিজের কোনো সম্পত্তিই নেই। সেই পুঁজি দিয়েই শুরু করেন লিচু চাষ। মাত্র ছয় বছরে লিচুই ভাগ্য বদলে দিয়েছে উজ্জ্বলের। লিচু বিক্রির আয় দিয়ে তিনি কিনেছেন চার বিঘা জমি। শখ করে কিনেছেন দামি মোটরসাইকেলও।
বর্তমানে উজ্জ্বলের নিজেরই রয়েছে ৩০০টি লিচুগাছ। এ ছাড়া অন্যের বাগানও কিনেছেন এবার। সেখানে রয়েছে আরও ৩২০টি গাছ। উজ্জ্বল জানান, এই মৌসুমে তিনি এখন পর্যন্ত ২৫ লাখ টাকার লিচু বিক্রি করেছেন। আগামী কয়েক দিনে আরও কিছু টাকা আয় হবে তাঁর।
লিচু চাষ করে উজ্জ্বলের মতো সফলতার কাহিনি ঈশ্বরদীর অনেকেরই। প্রতিবছরই এখানে বাড়ছে বাণিজ্যিকভাবে লিচু চাষের পরিধি। লিচুই বদলে দিয়েছে এখানকার মানুষের অর্থনীতির হালচাল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈশ্বরদীর ৫০ হাজার মানুষ বর্তমানে লিচু চাষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। লিচু-অর্থনীতিতে ভর করে স্বাবলম্বী হয়ে উঠছেন তাঁরা। এ বছর ৪০০ কোটি টাকার লিচু বিক্রির স্বপ্ন দেখছেন চাষিরা।
ঈশ্বরদীতে সাধারণত তিন জাতের লিচুর ফলন ভালো হয়। এগুলো হলো মোজাফ্ফর বা দেশি লিচু, বোম্বাই ও চায়না-৩। এ ছাড়া অল্পস্বল্প কদমী, কাঁঠালী, বেদানা, চায়না-১ ও চায়না-২ জাতের লিচু চাষ হচ্ছে এখানে। সবার আগে বাজারে আসে মোজাফ্ফর বা দেশি লিচু। বোম্বাই ও চায়না-৩ লিচু কিছুদিন পরে পাকলেও বাজারে এর কদর বেশি। বিক্রিও হয় বেশি দামে। চায়না লিচু দেশি লিচুর মতো দেখতে হলেও আকারে ছোট হয়। খেতে খুব স্বাদ।
লিচু চাষের আদি-অন্ত: ঈশ্বরদীতে বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয় আশির দশকে। ওই সময়েই শৌখিন কিছু মানুষ বাড়ির আঙিনায় লিচুর চাষ শুরু করেন। অন্য ফল-ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় চাষিরা তখন ঝুঁকতে থাকেন লিচু চাষের দিকে। তৈরি হতে থাকে লিচুর বাগান। বাড়ির আঙিনা, রাস্তার ধার থেকে শুরু করে মাঠে-ময়দানে ছড়িয়ে পড়ে লিচুর চাষ।
বর্তমানে উপজেলার ছলিমপুর, দাশুড়িয়া, সাহাপুর, পাকশী ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে লিচুর আবাদ হচ্ছে। এর মধ্যে ছলিমপুর ও সাহাপুর ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে লিচুগাছ ও বাগান। লিচুচাষি মুকুল হোসেন জানান, অল্প সময়ে নগদ টাকা হাতে আসায় তিনি আট বছর আগে লিচু চাষে ঝুঁকে পড়েন। তাঁর বাগানে বর্তমানে শতাধিক লিচুগাছ।
লিচুর বাজারজাত: ছলিমপুর, জয়নগর, আওতাপাড়া, সাহাপুর, দাশুড়িয়ায় গড়ে উঠেছে লিচুর হাট ও বাজার। বাগান থেকেও প্রতিদিন অসংখ্য লিচু বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছেন ঈশ্বরদীতে। প্রতিদিন ৫০-৬০টি ট্রাকে ছাড়াও বাস, ট্রেনসহ শতাধিক যানবাহনে লিচু যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পাইকারি মোকামগুলোতে। এসব মোকাম থেকে দেশের বাইরেও চলে যাচ্ছে ঈশ্বরদীর লিচু।
অনেক বাগানমালিকই ব্যবসায়ীদের কাছে অগ্রিম মূল্যে গাছ বিক্রি করে দেন। তখন থেকেই শুরু হয় লিচু থেকে আয়। মৌসুমে বাগানমালিকেরা ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত লিচু বিক্রি করছেন।
ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের চাষি বাদশা প্রামাণিক জানান, তিনি ১০ বছর ধরে লিচুর আবাদ ও ব্যবসা করেছেন। লিচুর আয় থেকে প্রায় ১০ লাখ টাকা খরচ করে তিনি ইটের তৈরি পাকা বাড়ি নির্মাণ করছেন। এ মৌসুমে তিনি আট লাখ টাকার লিচু বিক্রি করবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরদীর ২ হাজার ৬০০ হেক্টর জমিতে রয়েছে লিচুর বাগান। মোট লিচুগাছের সংখ্যা তিন লাখ। দেশের অন্য সব উপজেলার তুলনায় ঈশ্বরদীতে বর্তমানে লিচুর রেকর্ড পরিমাণে আবাদ হচ্ছে। গাছে পাঁচ হাজার থেকে এক লাখ পর্যন্ত লিচু ধরে। প্রতিবছর এখানে ৫০ হেক্টর করে জমিতে লিচুর আবাদ বাড়ছে। এবার গত বছরের তুলনায় প্রায় ২০ ভাগ বেশি লিচু ধরেছে। গত বছর কমবেশি ২৫০ কোটি টাকার লিচু বিক্রি হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে চাষিরা এবার ৪০০ কোটি টাকার লিচু বিক্রি করবেন।
কর্মসংস্থান: উপজেলা কৃষি অফিসের হিসাবে, ঈশ্বরদীর ৫০ হাজার মানুষ প্রত্যক্ষভাবে লিচু ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া ২০ হাজার মানুষ প্রতিদিন লিচুবাগান পরিচর্যা, গাছ থেকে লিচু পাড়াসহ বাজারজাতের নানা কাজে জড়িত রয়েছেন। এ জন্য তাঁরা দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে মজুরি পান। টানা তিন মাস এ কাজ চলে।
প্রয়োজন পৃষ্ঠপোষকতা: কৃষি অফিসের সর্বশেষ হিসাবে, উপজেলা হিসেবে দেশে ঈশ্বরদীতেই সবচেয়ে বেশি লিচুর গাছ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম বলেন, ঈশ্বরদীতে যে পরিমাণ লিচু উৎপাদিত হয়, সে বিবেচনায় এখানে একটি লিচু সংরক্ষণাগার (হিমাগার) প্রয়োজন। কারণ, আবহাওয়া ও রাজনৈতিক সহিংস কর্মকাণ্ডের কারণে যানবাহন বন্ধ থাকলে চাষিরা উৎপাদিত লিচু বাজারজাত করতে পারেন না। এ ছাড়া ঈশ্বরদীতে লিচু গবেষণাগার স্থাপনেরও জোর দাবি রয়েছে।