৪০০ কোটি টাকার কাজ, সুপ্রিম কোর্টের রায় এবং বিটিসিএল

টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের ৪০০ কোটি টাকার কাজ (লট ‘এ’) ‘পছন্দের’ প্রতিষ্ঠানকে দিতে আরও বেপরোয়া হয়ে উঠেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ জন্য সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের বিপরীতে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভাপতি আবু বকর সিদ্দিক প্রথম আলোকে জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত ধরে পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় আলোচনা করে এ কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার এ সভা হওয়ার কথা রয়েছে। এর আগে হাইকোর্ট এ-সংক্রান্ত দুটি রিট আবেদনের একসঙ্গে শুনানি নিয়ে একটি রায় দেন। যার ফলাফল ও সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বহাল রাখেন। অভিযোগ উঠেছে, তথ্য গোপন করে বিটিসিএল আইন মন্ত্রণালয়ের কাছ থেকে হাইকোর্টের একটি রিটের বিষয়ে আংশিক প্রশ্ন করে আংশিক মতামত সংগ্রহ করেছে। এই মতামত সংগ্রহের সময় আইনমন্ত্রী শফিক আহমেদ দেশে ছিলেন না বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন এক্সচেঞ্জ স্থাপন (লট ‘এ’) ও অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের (লট ‘বি’) কাজের জন্য ২০১১ সালে প্রাক্-যোগ্যতার একটি দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দুটি ছাড়া অংশগ্রহণকারী বাকি সব প্রতিষ্ঠানকে প্রাক্-যোগ্যতা থেকে বাদ দেওয়া হয়। প্রাক্-যোগ্য প্রতিষ্ঠান দুটি হলো মারুবেনি-কেটি (যৌথ উদ্যোগের কোম্পানি) ও জাপানের এনইসি করপোরেশন। গত বছরের জুনে এই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে লট ‘এ’-এর দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের ২৪ জানুয়ারি মারুবেনি-কেটিকে লট ‘এ’-এর কাজ দেওয়ার চিঠি (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) দেওয়া হয়।
‘পছন্দের’ একই প্রতিষ্ঠানকে ২০০ কোটি টাকার অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজও (লট ‘বি’) দেওয়ার জন্য সব নিয়ম, আইন ও বিধি লঙ্ঘন করে বিটিসিএল। এই অনিয়ম ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাদ দেওয়া তুরস্কের নাটাসকে প্রাক্-যোগ্য ঘোষণা করে পুনঃদরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সর্বশেষ লট ‘এ’-এর দরপত্র প্রক্রিয়াকরণে ক্রয় আইন ও বিধিমালার লঙ্ঘন, দরপত্রের শর্ত ভঙ্গ করে দরমূল্য পরিশোধের ক্ষেত্রে মুদ্রা পরিবর্তন করে সরকারের ৫০ কোটি টাকা ক্ষতির বিষয়ে একজন পর্ষদ সদস্য আপত্তিপত্র দেন। এ নিয়ে গত ১৩ মার্চ বিটিসিএলের পরিচালনা পর্ষদের ৮৭তম সভায় আলোচনা এবং পর্ষদের পাঁচজন সদস্যকে নিয়ে যাচাই-বাছাই কমিটি করা হয়।
কমিটির প্রতিবেদন নিয়ে গত ৪ মে পরিচালনা পর্ষদের ৮৯তম সভায় আলোচনা হয়। প্রতিবেদনে বলা হয়, যেসব বেআইনি পদক্ষেপের কথা আপত্তিপত্রে বলা হয়েছে, তা অত্যন্ত যৌক্তিক। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী, এ প্রকল্পে সরকারি ক্রয় আইন ও বিধিমালা প্রযোজ্য এবং ‘দেশের স্বার্থে’ কমপক্ষে তিনটি প্রাক্-যোগ্য প্রতিষ্ঠান নিয়ে প্রতিযোগিতামূলক দরপত্র হতে হবে। সুপ্রিম কোর্টের রায় লট ‘এ’-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
কিন্তু এরপর পর্ষদের ওই সভায় সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। ৩ জুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে লিখিতভাবে বিটিসিএলকে আইন মন্ত্রণালয়ের মতামত জানানো হয়।
টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের লট ‘বি’-এর বিষয়ে আদালতের রায়ের সঙ্গে লট ‘এ’-এর কোনো প্রাসঙ্গিকতা আছে কি না, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। কিন্তু ওই রায়ে দুটি রিটের নিষ্পত্তি হলেও মতামত একটি রিট-সংক্রান্ত বিষয়ে।
আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, নরটেল নেটওয়ার্কস নাটাস টেলিকমিউনিকেশনকে লট ‘বি’-এর জন্য প্রাক্-যোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে সিপিটিইউর রিভিউ প্যানেলের আদেশ দেন। নাটাস রিভিউ প্যানেলে লট ‘এ’ নিয়ে কোনো অভিযোগ করেনি। নাটাস হাইকোর্টে যে রিট করেছে, তাতেও লট ‘এ’ নিয়ে কোনো প্রতিকার চায়নি। দুটি অংশের কাজ ভিন্ন ভিন্ন প্রকৃতির হওয়ায় রিট আবেদনের ওপর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় লট ‘এ’-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায়, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়ার ক্ষেত্রে এ-সংক্রান্ত পরিচালনা পর্ষদের ৮৭তম সভার কার্যবিবরণী, পর্ষদ সদস্যদের দিয়ে গঠিত যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন, পর্ষদ সদস্যের আপত্তিপত্র সংযুক্ত করা হয়নি। এমনকি এ ঘটনায় বিটিসিএলের দায়ের করা রিটের কথাও গোপন রাখা হয়। বিটিসিএলের ওই রিটটি পুরো প্রকল্প (লট ‘এ’ ও ‘বি’) নিয়ে করা হয়েছিল।
হাইকোর্ট দুটি রিটের (নম্বর ৫০৯৫ ও ৫০৭৩) রায় একসঙ্গে দিয়েছেন। তাতে বিটিসিএলের রিট খারিজ করে বলেছেন, আলোচ্য প্রকল্পের জন্য ক্রয় আইন ও বিধিমালা প্রযোজ্য হবে এবং কমপক্ষে তিনটি প্রাক্-যোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে দরপত্র করতে হবে। একই সঙ্গে আদালতে বিভিন্ন তথ্য গোপন করায় বিটিসিএলকে ভর্ৎসনা করেন হাইকোর্ট।
পরে বিটিসিএল আপিল বিভাগে যায়। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ফলাফল ও সিদ্ধান্ত বহাল রাখেন।
এ অবস্থায় আইন মন্ত্রণালয় কীভাবে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে মতামত দিল, জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নাটাস হাইকোর্টে যে রিট করেছে, তাতে লট ‘এ’ নিয়ে প্রতিকার চাওয়া হয়নি। শুধু এই রিট সম্পর্কে জানতে চেয়েছে বিটিসিএল এবং আইন মন্ত্রণালয় সে অনুযায়ী মত দিয়েছে।’
কিন্তু দুটি রিটের রায় একসঙ্গে হওয়া, তাতে পুরো প্রকল্পের বিষয়ে আদেশ হওয়ার পর এমন মতামত দেওয়া কতটা সংগত, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিটিসিএল যদি এসব তথ্য গোপন করে মতামত সংগ্রহ করে থাকে, সেটা আদালতের সঙ্গে প্রতারণার শামিল হবে।’
জানতে চাইলে বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক তথ্য গোপন করে মতামত সংগ্রহের কথা অস্বীকার করেন। তবে পরিচালনা পর্ষদের সদস্যের আপত্তিপত্র, যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও ৮৭তম পর্ষদ সভার কার্যবিরণী আইন মন্ত্রণালয়ে না পাঠানোর কথা স্বীকার করেন তিনি। সচিব বলেন, মতামতের জন্য পর্ষদ সভার সিদ্ধান্তের সংশ্লিষ্ট অংশটুকু ও আদালতের রায় পাঠানো হয়েছে।
তাহলে কি এই প্রকল্পের লট ‘এ’-এর ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় মানা হবে না, এ প্রশ্নের জবাবে পর্ষদের সভাপতি বলেন, পর্ষদের পরবর্তী সভায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে সিদ্ধান্ত হবে।