বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চলে যাওয়ার কারণে এ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বছরে প্রায় ৪০০ কোটি টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে। এর বেশির ভাগ অংশই অবৈধ উপায়ে পাচার হয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে বেসরকারি চ্যানেল মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটি আয়োজিত সংহতি সমাবেশে এ কথা বলা হয়।
পাঁচ দফা দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে মিডিয়া ইউনিটি। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো বিদেশি চ্যানেলের বাংলাদেশে ডাউনলিংক মাশুল পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করা। বেসরকারি চ্যানেলগুলো বলছে, এ দুটি দাবি মানলে দেশীয় চ্যানেলকে অসম প্রতিযোগিতায় পড়তে হবে না এবং চ্যানেলগুলোর আয় বাড়বে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মিডিয়া ইউনিটির অনেকগুলো দাবিই গ্রহণযোগ্য। এগুলো বাস্তবায়ন হতে হবে। বাংলাদেশের একটি চ্যানেল বিদেশে (ভারতে) দেখাতে পাঁচ কোটি রুপি লাগে। অথচ ভারতের একটি চ্যানেল বাংলাদেশে দেখানোর জন্য মাশুল মাত্র দেড় লাখ টাকা। এটা অবাস্তব।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার প্রিয় হাসানুল হক ইনু যদি কিছু মনে না করেন, তাহলে তাঁকে বলব, আগেও বলেছি; আসুন, আমি, আপনি আর অর্থমন্ত্রী একসঙ্গে বসি। সেখানে আলোচনা করে বর্তমান সমস্যার একটা সমাধান করি।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা আইনের মাধ্যমে সমাধান করা হবে। এ জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমি আপনাদের (মিডিয়া ইউনিটি) সুপারিশ চেয়েছি। যত দ্রুত কমিটিতে সদস্য দেবেন, সুপারিশ দেবেন, তত দ্রুত সমস্যার সমাধান করা হবে।’ তিনি বলেন, এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কর্মরত ব্যক্তিদের রুটি–রুজির বিষয়। তাই কালক্ষেপণের কোনো সুযোগ নেই।
আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক না বুঝে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের টাকা পরিশোধের অনুমতি দিয়েছে। এটা বন্ধের ভালো উপায় হলো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন করা।
এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ভারতে এ দেশের চ্যানেল দেখানোর জন্য যদি পাঁচ কোটি রুপি দিতে হয়, তাহলে বাংলাদেশে ভারতের চ্যানেল দেখানোর জন্য পাঁচ কোটি টাকা দিতে হবে।
সমাবেশে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) নেতারা উপস্থিত ছিলেন। মিডিয়া ইউনিটি টেলিভিশনে ডাবিং সিরিয়াল বন্ধে এফটিপিওর দাবি প্রতি একাত্মতা প্রকাশ করে। এফটিপিও মিডিয়া ইউনিটির দাবির সঙ্গে একাত্মতা জানায়।
সমাবেশে উপস্থিত ছিলেন মিডিয়া ইউনিটির আহ্বায়ক মোজাম্মেল হক বাবু, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশীদ, চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরসহ বিভিন্ন টেলিভিশনের পরিচালনা কর্মকর্তা ও নাটকের কলাকুশলীরা।