৪০০ গাছ কেটে নষ্ট
রাজশাহীর বাঘা উপজেলায় এক রাতে একটি বাগানের ৪০০ আম, কুল ও মেহগনিগাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার অমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাগানের মালিক দাবি করেছেন, পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।
বাগানের মালিক উপজেলার বাউসা সরকারপাড়া গ্রামের মঞ্জু সরকার জানান, তিন বছর আগে তিনি অমরপুর গ্রামে সোয়া চার বিঘা জমিতে একটি বাগান করেন। ওই সময়ই তিনি ওই বাগানে ৩০০টি কুল, ৪০টি আম ও ৬০টি মেহগনিগাছের চারা রোপণ করেন। মঙ্গলবার রাতে কে বা কারা তাঁর বাগানের সব গাছ কেটে ফেলে রেখে যায়। গতকাল সকালে বাগানে এসে তিনি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। এতে সব মিলিয়ে তাঁর ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঞ্জু সরকার আরও জানান, এক বছর আগে দুর্বৃত্তরা তাঁর ১৫টি কুল ও সাতটি মেহগনিগাছ কেটে ফেলেছিল। এ ব্যাপারে ওই সময় থানায় অভিযোগ করেও তিনি কোনো ফল পাননি।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানান, ওই এলাকায় গাছ কাটার একটি চক্র গড়ে উঠেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।