যশোর শহরে হেফাজত ইসলামের মিছিলে গুলি ও বোমা বিস্ফোরণ এবং এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া ও খুনের অভিযোগে গত রোববার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এতে অজ্ঞাতনামা চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।এদিকে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। হোসাইন আহম্মদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল সোমবার দাখিল করা হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে সিভিল সার্জন তরুণ কুমার শিকদার জানান, নিহত হোসাইনের পিঠে গুলির ক্ষতচিহ্ন দেখা গেছে। তাঁর শরীরের ভেতরের বিভিন্ন স্থানে গুলির (প্লেট) টুকরা পাওয়া গেছে।মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে জানান, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম, সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ কয়েকজনের নেতৃত্বে রোববার শহরে চার শতাধিক ব্যক্তি একটি মিছিল বের করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়।পুলিশ সুপার কামরুল আহসান জানান, রোববারের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জহুরুল হককে দায়িত্ব দিয়ে একটি এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খানকে প্রধান করে তিন সদস্যের অন্য একটি কমিটি গঠন করা হয়েছে।নতুন জাতীয় নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের সমর্থনে গত রোববার হেফাজত ইসলামের ব্যানারে যশোর শহরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটে। গুলিবিদ্ধ হয়ে মারা যান মিছিলে অংশ নেওয়া হোসাইন আহম্মদ।