৪০০ জনের বিরুদ্ধে মামলা শ্রমিক হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত রোববার এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আওলাদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন। শ্রমিকদের হামলা, ভাঙচুর ও লুটপাটে কারখানার ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।চাকরি স্থায়ীকরণ, মজুরি বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে গত রোববার এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এনামুল হক নামের এক শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ হন ১৫ জন। আহত হন শতাধিক।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, এসিআই কারখানা কর্তৃপক্ষের করা মামলার এজাহারে বলা হয়েছে, কয়েক দিন ধরে শ্রমিকেরা অন্যায় দাবি করছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে না নেওয়ায় রোববার শ্রমিকেরা পরিকল্পিতভাবে কারখানায় হামলা ও ভাঙচুর চালান। কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) ইশতিয়াক আহম্মেদকে মারধর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় আসামিরা কারখানার প্রতিটি ফ্লোর, আসবাব, যন্ত্রপাতি, কাঁচামালসহ বিভিন্ন জিনিস ভাঙচুর ও লুটপাট করেন। এতে কারখানার প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলায় ৩৩ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। ওসি জানান, এ নিয়ে এসিআইয়ের কারখানায় হামলা, ভাঙচুর, কারখানা প্রাঙ্গণে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হলো। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। তবে নিহত শ্রমিক এনামুলের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে আসেনি বলে তিনি জানান।এদিকে এনামুলের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলমের অপসারণ এবং গ্রেপ্তার হওয়া বাসদকর্মী কাশেমের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগারের সামনে সমাবেশ করেছে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা। বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা মাহবুবুর রহমান ইসমাইল, অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, মামুদ হোসেন, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।