সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকার মধ্যে চারজন সাংসদের নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের ৪০০ মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দের চিঠি এসেছে ২৬ জুন। ৩০ জুনের মধ্যে প্রকল্প জমা এবং বরাদ্দ উত্তোলন ও প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে চিঠিতে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সুনামগঞ্জ জেলার চারটি নির্বাচনী এলাকার চারজন সাংসদের নামে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ১০০ মেট্রিক টন করে মোট ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২৬ জুন সুনামগঞ্জ কার্যালয়ে এ-সক্রান্ত চিঠি আসে। এরপর বিষয়টি সাংসদদের জানানো হয়। ৩০ জুনের মধ্যে প্রতিটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করার কথা। এর আগে প্রকল্প জমা এবং বরাদ্দ উত্তোলন করতে হবে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত কোনো প্রকল্পের তালিকা জমা হয়নি। আজকের মধ্যে প্রকল্পের তালিকা জমা এবং বরাদ্দ উত্তোলন করতে হবে। যদি ৩০ জুনের মধ্যে প্রকল্পের বরাদ্দ উত্তোলন না করা হয় আর এর জন্য সময় বৃদ্ধি না করা হয়, তাহলে বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘অর্থবছরের শেষ দিকে এই বরাদ্দ অবকাঠামো কিংবা উন্নয়নে কতটুকু কাজে লাগবে, এ নিয়ে সংশয় রয়েছে। তা ছাড়া বর্ষায় হাওর এলাকায় কাজ করাও সম্ভব নয়। অনিয়ম-দুর্নীতি হওয়ার আশঙ্কা রয়েছে।’জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কাশেম জানান, শনিবার পর্যন্ত তাঁরা কোনো সাংসদের পক্ষ থেকে প্রকল্পের তালিকা পাননি। দুজন সাংসদের ব্যক্তিগত সহকারী ফোনে জানিয়েছেন, তাঁরা আজ প্রকেল্পর তালিকা পাঠাবেন। আবুল কাশেম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারের আদেশের বাইরে যেতে পারব না। এখন সময় বৃদ্ধি করা হলে আমরা পরেও প্রকল্পের তালিকা নিতে পারি।’ এ ব্যাপারে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘অসময়ে এই বরাদ্দ আসায় এ নিয়ে বিব্রতকর অবস্থায় আছি। আমরা বাজেট অধিবেশন নিয়ে ব্যস্ত ছিলাম। এ কারণে প্রশাসন ও মন্ত্রণালয়কে প্রকল্পের তালিকা জমা দেওয়ার জন্য ১০ দিন সময় বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘বরাদ্দ উত্তোলন করে সুষ্ঠুভাবে কাজ করা হবে। কাজে কোনো অনিয়ম হতে দেওয়া হবে না।’