৪০০ পরিবারে পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামে আয়রনমুক্ত সুপেয় খাওয়ার পানি সরবরাহের জন্য বসানো পানির পাম্পটি দুই বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে ওই গ্রামের প্রায় ৪০০ পরিবার পানির কষ্টে রয়েছে।

জয়পুরহাট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ২৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি চালু করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ২০০৩ সালে প্রকল্পটির কাজ শুরু করে। ২৫ হাজার লিটার পানি ধারণক্ষমতার একটি ট্যাঙ্ক নির্মাণ, তিনটি বৈদ্যুতিক মোটর বসানোর জন্য পাকা ঘর নির্মাণসহ বাড়ি বাড়ি পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করা হয়।

এলাকাবাসী সূত্র জানায়, নির্মাণের পর ২০০৪ সাল থেকে ওই গ্রামের ৪০০ পরিবার আয়রনমুক্ত সুপেয় পানির সুবিধা পেয়ে আসছিল। দুই বছর আগে ওই প্রকল্পের তিনটি বৈদ্যুতিক মোটর পুড়ে যাওয়ায় এতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল বলেন, পানি তোলার জন্য যে মোটর বসানো হয়েছে, তার ক্ষমতা কম হওয়ায় লোড নিতে না পাড়ায় মোটরটি পুড়ে যায়। মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। খরা মৌসুমে পানির কষ্ট লাঘব করতে তিনি প্রকল্পটি চালুর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বম্বু ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্পটি চালুর জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে আবেদন করা হয়েছে, কিন্তু এখনো তা মেরামত করা হয়নি।

জয়পুরহাট সদর উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপপ্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, ছয় মাস আগে ওই গ্রামের লোকজন তাঁর কার্যালয়ে আবেদন জানালে তিনি সেখানে গিয়ে লোকজনকে নিয়ে মিটিং করে স্থানীয়ভাবে তাঁদের মোটর মেরামত করে চালু করার কথা বলেছেন। তিনি আরও জানান, ধারকি গ্রামে খরা মৌসুমে পানির স্তর ২৮ থেকে ৩০ ফুট নিচে নেমে যাওয়ায় সেখানে হস্তচালিত নলকূপে পানি ওঠে না। ফলে ওই এলাকার মানুষের পানির কষ্ট লেগেই থাকে।

জয়পুরহাট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুজার মো. মাস-উ-দার রহমান বলেন, নিয়ম অনুসারে ওই প্রকল্পটি নির্মাণের পর স্থানীয় লোকজনকে নিয়ে পরিচালনা কমিটি গঠন করা হয়। ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের সদস্য পরিচালনা কমিটির সভাপতি। তাঁর নেতৃত্বেই প্রকল্পটি পরিচালনা হবে। সেখান থেকে যে আয় হবে, তা দিয়ে বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। নির্মাণের পর সরকার থেকে ওই প্রকল্পে আর কোনো টাকা বরাদ্দের সুযোগ নেই। বৈদ্যুতিক মোটর মেরামত ও বিদ্যুৎ বিল পরিশোধ ওই গ্রামের সুবিধাভোগী পরিবারগুলোকেই করতে হবে।