৪০০ ফুট উঁচু অ্যানটেনা অন্ধকারে, দুর্ঘটনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বেতারের সম্প্রচার কেন্দ্রের প্রায় ৪০০ ফুট উঁচু অ্যানটেনা প্রায় আট মাস ধরে অন্ধকারে রয়েছে। বাতি জ্বালাতে মাস খানেক আগে ট্রান্সফরমার মেরামত করে আনা হলেও অজ্ঞাত কারণে সংযোগ না দিয়ে তা ফেলে রাখা হয়েছিল। ১৫ নভেম্বর রাতে সেটি চুরি হয়ে যায়। আলোহীন ওই অ্যানটেনার সঙ্গে যেকোনো সময় আকাশযানের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রান্সফরমার চুরির পর রেডিও টেকনিশিয়ান হাসান আব্বাস ওরফে জাকির, আঞ্চলিক প্রকৌশলী মেরাজ উদ্দিন আহাম্মেদ, রেডিও টেকনিশিয়ান এ এম মিল্টন ও সহকারী আঞ্চলিক প্রকৌশলী এনামুল হককে অন্যত্র বদলি করা হয়েছে। এর মধ্যে মেরাজ উদ্দিনকে ২৭ নভেম্বর এবং আগের দিন অন্যদের বদলি করা হয়। এদিকে চুরির ঘটনায় রাজশাহী বেতারের চৌকিদার লুৎফর রহমান, নাফিউল ইসলাম ও আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বেতারের লোকজন জানান, রাজশাহী বেতারের সম্প্রচার কেন্দ্রের অ্যানটেনায় তিন ধাপে দুটি করে মোট ছয়টি বাতি জ্বালানো থাকে। এতে কোনো আকাশযান উড়ে যাওয়ার সময় এর অবস্থান বুঝতে পারে এবং নিরাপদ দূরত্ব দিয়ে চলে যেতে পারে।
বাতি জ্বালানোর ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার পর গত এপ্রিলে মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। আহাম্মদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এই কাজ দেওয়া হয়েছিল। মেরামত শেষে মাস খানেক আগে ট্রান্সফরমার রাজশাহীতে নিয়ে এলে অ্যানটেনার সঙ্গে ম্যাচ করছে না বলে সংযোগ লাগাতে দেওয়া হয়নি। পরে বেতারের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ট্রান্সফরমারটির সংযোগ দেওয়ার নির্দেশ দেন।
আহাম্মদ ট্রেডার্সের মালিক আবদুস সালাম মল্লিক প্রথম আলোকে বলেন, ‘ট্রান্সফরমারটির সঙ্গে সংযোগ দেওয়ার জন্য আমরা অনেকবার ঢাকা থেকে আসতে চাইলেও রাজশাহী বেতারের কর্মকর্তারা সুযোগ দেননি।
সর্বশেষ ১৩ নভেম্বর সংযোগ দিতে আসতে চাইলে রাজশাহী বেতারের উপ-আঞ্চলিক প্রকৌশলী আবদুল মান্নান এক ঘণ্টা পরে বিষয়টি জানাতে চান। এক ঘণ্টা পরে তিনি বলেন, আঞ্চলিক প্রকৌশলী ওই দিন বাইরে থাকবেন। সংযোগ দেওয়া যাবে না। এর এক দিন পরেই ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।’
আহাম্মদ বলেন, ‘ট্রান্সফরমার মেরামত বাবদ আমাদের বিল হয়েছিল ৭০ হাজার টাকা। এই টাকাও আমাদের দেওয়া হয়নি।’
ঘটনার পর বাংলাদেশ বেতার ঢাকার রক্ষণাবেক্ষণ প্রকৌশলী আবুল কালাম মো. খায়ের ও উপ-আঞ্চলিক প্রকৌশলী জাহিদুল ইসলাম চুরির বিষয়ে তদন্তে আসেন। তদন্তের ব্যাপারে জানতে চাইলে আবুল কালাম বলেন, তাঁরা তদন্ত করে তাঁদের দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন। এ বিষয়ে তাঁরা কিছু বলতে পারবেন না।
এর আগেও বিভিন্ন সময়ে রাজশাহী বেতারের যন্ত্রাংশ চুরির ঘটনায় তদন্ত কমিটি করা হলেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবার কখনো চুরির বিষয়টি কর্তৃপক্ষ আমলেই নেয়নি বলে অভিযোগ রয়েছে।
বদলির আগে মেরাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, সম্প্রচার কেন্দ্রের একটা সীমানাপ্রাচীরের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি।