৪০০ বছরের উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর রমনার দক্ষিণ পাশে ঐতিহাসিক ঢাকা গেট
বৃহত্তর রমনার দক্ষিণ পাশে ঐতিহাসিক ঢাকা গেট

১৬১০

৪০০ বছর পেরিয়ে গেল রমনার বয়স। ১৬১০ সালে ঢাকায় মোগলদের শাসন পাকাপোক্ত হওয়ার পর বাগানের অনুরাগী মোগলেরা এ উদ্যান রচনা করেছিলেন। তখন এর নাম ছিল ‘বাগ-ই-বাদশাহি’। এখনকার ইস্কাটন থেকে নীলক্ষেত হয়ে ঢাকা মেডিকেল কলেজ, সচিবালয় পুরো এলাকাই ছিল রমনা।

কোম্পানি আমলে রমনার দক্ষিণের একটি অংশে রেসকোর্স প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডস। ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর হলে রমনা এলাকা ক্রমে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। অভিজাত রমনা হয়ে ওঠে বুনো জন্তুদের আশ্রয়স্থল।

১৮২৫

১৮২৫ সালে চার্লস ডস ঢাকা জেলের কয়েদিদের দিয়ে দক্ষিণ অংশে খানিকটা জঙ্গল কাটিয়ে সাফসুতরা করে তোলেন। বেড়া দিয়ে ঘিরে তৈরি করা হয় ঘোড়দৌড়ের ময়দান।

১৮৪০

রেসকোর্সকে কেন্দ্র করে আবার রমনার আভিজাত্য ফেরে। ১৮৪০ সালের দিকে বিত্তবানেরা এ এলাকায় বাগানবাড়ি করতে থাকেন। পরে নবাব গণি এসব বাগানবাড়ির মধ্য থেকে অবসরপ্রাপ্ত জজ জন ফ্রান্সিস গ্রিফিথের বাড়িটি কিনে নেন। এলাকাটিকে তাঁরা উন্নত করে নাম দেন ‘শাহবাগ’।

১৯০৫

মোগলদের রমনা তিন ভাগ হয়ে যায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর। নবাবদের মালিকানায় শাহবাগ এলাকা। উত্তর দিকে মিন্টো রোডে ‘সিভিল স্টেশন’ নামে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা। মাঝখানে রেসকোর্স ও বর্তমানের রমনা উদ্যান মিলিয়ে রমনা এলাকা। রেসকোর্সে পাকিস্তান আমলেই আইন করে ঘোড়দৌড় বন্ধ করে দেওয়া হয়।

রেসকোর্সে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
রেসকোর্সে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

১৯৭১

১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানে কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে এ মাঠেই সংবর্ধনা দেওয়া হয়, প্রদান করা হয় ‘বঙ্গবন্ধু’ উপাধি। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে এখান থেকেই বাঙালির স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এ মাঠেই পরাজিত পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল নিয়াজি পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এরপর নামকরণ করা হয় ‘সোহরাওয়ার্দী উদ্যান’।