৪০০ মানুষ হঠাৎ মৎস্যজীবী!
রাজশাহীর বাগমারায় খাসপুকুর ইজারা নিতে সম্প্রতি চার শতাধিক লোক কাগজে-কলমে মৎস্যজীবী সেজেছেন। অথচ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পেশায় তাঁদের কেউ শিক্ষক, কেউ কৃষক। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আদালতের মাধ্যমে এফিডেভিট করে নিজেদের পেশা পাল্টে মৎস্যজীবী হয়েছেন।উপজেলা সমবায় দপ্তর সূত্রে জানা যায়, বাগমারায় গত বছর পর্যন্ত ২৭টি নিবন্ধনকৃত মৎস্যজীবী সমিতি ছিল। অথচ কয়েক মাসের ব্যবধানে ১৬টি সমিতি বেড়েছে। সমিতি গঠনের পর সমবায় দপ্তর থেকে নিবন্ধনও নেওয়া হয়েছে। আরও চারটি সমিতির নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ১২ এপ্রিল বাগমারার সাড়ে ৮০০ পুকুর ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। এ জন্য উপজেলার নিবন্ধনকৃত মৎস্যজীবী সমবায় সমিতি ও মৎস্যজীবী সমিতির কাছ থেকে আবেদন আহ্বান করেন ইউএনও। ১৫ এপ্রিল থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ২৩ মে পর্যন্ত।ইউএনওর দপ্তর সূত্রে আরও জানা যায়, সাড়ে ৮০০ সরকারি পুকুর থাকলেও নীতিমালা অনুযায়ী অর্ধশতাধিক ইজারা দেওয়া যাবে। ২০০৯ সালের সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী একটি সমিতি দুটির বেশি পুকুর বরাদ্দ পাবে না। নীতিমালায় আরও বলা হয়েছে, শুধু সমাজসেবা ও সমবায় দপ্তর থেকে নিবন্ধনকৃত মৎস্যজীবী সমবায় সমিতি ও মৎস্যজীবী সমিতি দরপত্রে অংশ নিতে পারবে।উপজেলা মৎস্য কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী জানান, গত চার মাসে চার শতাধিক ব্যক্তি নিজেদের আসল পেশা পরিবর্তন করে মৎস্যজীবী হয়েছেন। তাঁদের জাতীয় পরিচয়পত্রের পেশায় মৎস্যজীবী লেখা না থাকলেও তাঁরা রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩-এ হাজির হয়ে এফিডেভিট করে মৎস্যজীবী হয়েছেন।উপজেলা সদরের চানপাড়ার বাসিন্দা এনামুল হক পেশায় কলেজের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ করেন তিনি। সম্প্রতি তিনি পেশা পরিবর্তন করে মৎস্যজীবী হয়েছেন। তবে তা কাগজে-কলমেই। তিনি এখনো শিক্ষকতা করছেন বলে নিজেই জানিয়েছেন।উপজেলার কালিকাপুর গ্রামের বজলুর রশিদ, গোবিন্দপাড়ার মোয়াজ্জেম হোসেন, মোজাহর আলী কৃষি পেশা পরিবর্তন করে মৎস্যজীবী হয়েছেন। তাঁরাও এফিডেভিটে উল্লেখ করেছেন, ‘নদীতে ও জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। জাতীয় পরিচয়পত্রে ভুলবশত তাঁদের পেশা কৃষি বলে উল্লেখ রয়েছে। প্রকৃতপক্ষে তাঁরা মৎস্যজীবী।’ তাঁদের মতো অন্যরাও প্রায় একই কথা বলেছেন।পেশা পরিবর্তন করা প্রসঙ্গে আফসার আলী, শহিদ, আক্কাছ আলী, মোয়াজ্জেম হোসেন জানান, খাসপুকুর ইজারা নেওয়ার জন্য এফিডেভিটের মাধ্যমে পেশা পরিবর্তন করেছেন। আসলে পেশায় তাঁরা কৃষক বলে প্রথম আলোর কাছে স্বীকার করেছেন।সমবায় দপ্তর থেকে জানা যায়, একটি মৎস্যজীবী সমিতি গঠনের জন্য প্রত্যেক সদস্যকে মৎস্যজীবী হতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সনদ থাকবে। তারপর সমবায় দপ্তর তা সরেজমিন পরিদর্শন করে সমিতি এবং প্রকৃত মৎস্যজীবীর অস্তিত্ব পাওয়ার পর তার অনুমোদনের সুপারিশ করে জেলা কার্যালয়ে পাঠাবে। সেখান থেকে তার নিবন্ধন পাবে।তবে আনন্দ হালদার, ধরেন্দ্রনাথসহ বেশ কয়েকজন জেলে অভিযোগ করেন, সমবায় দপ্তর তা না করে সরাসরি তাদের সমিতির অনুমোদনের জন্য জেলায় পাঠাচ্ছে। সেখান থেকে নিবন্ধনও পেয়ে যাচ্ছে। এতে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সম্প্রতি নিবন্ধন পাওয়া ফকিন্নির উত্তরাংশ, পলাশ ও গোবিন্দপাড়া, রমজানপাড়া, শালজোড় মৎস্যজীবী সমিতির অস্তিত্ব সরেজমিনে পাওয়া যায়নি। কথিত এসব সমিতির কোনো অবকাঠামোও নেই। তার পরও তাঁরা কীভাবে নিবন্ধন পেলেন—এমন প্রশ্নের জবাবে উপজেলা সমবায় কর্মকর্তা সুনীল কুমার সরকার জানান, আদালতের প্রতি শ্রদ্ধা রেখে সমিতিগুলোকে নিবন্ধনের সুপারিশ করা হয়।জলমহাল ইজারা কমিটির সভাপতি ও বাগমারার ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘কে প্রকৃত মৎস্যজীবী তা আমি দেখব না। সমিতির নিবন্ধন আছে কি না সেটা দেখব। তবে কেউ অভিযোগ করলে তা তদন্ত করে দেখব।’