৪০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের একজন মাতৃত্বকালীন ছুটিতে, একজন পিটিআইয়ে প্রশিক্ষণে। প্রধান শিক্ষকসহ দুজন বদলি হয়ে গেছেন। ৪০০ শিক্ষার্থীর ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। তিনি গেছেন উপজেলা শিক্ষা কার্যালয়ে একটি সভায় যোগ দিতে। এ অবস্থায় একজন ‘প্যারা শিক্ষক’ পড়াচ্ছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা খেলাধুলায় মগ্ন।হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে গত সোমবার দুপুর ১২টায় এই চিত্র দেখা যায়। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া ‘প্যারা শিক্ষক’ রকিবা আক্তার প্রথম আলোকে বলেন, তিনি এক মাস ধরে এ বিদ্যালয়ে পড়াচ্ছেন। তাঁকে এখনো পারিশ্রমিক দেওয়া হয়নি এবং এ ব্যাপারে কিছু নির্ধারিতও হয়নি।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদানে ব্যাপক বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমছে। স্থানীয় কৃষক খুলিলুর রহমান বলেন, ‘একলা মাস্টরে এতগুলা পুলাপাইনরে আগুইল্লা রাখনই মুশকিল। ইস্কুলে মাস্টর না দিলে পুলাপাইন পড়ালেখা শিখব কী কইরা?’বিদ্যালয়ের দায়িত্বে থাকা একমাত্র সহকারী শিক্ষক নূরজাহান বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাধ্য হয়ে তাঁকে একাই বিদ্যালয় চালাতে হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের সাতটি পদ রয়েছে। কর্মরত ছিলেন পাঁচজন। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য ছিল। সহকারী শিক্ষক মোশারফ হোসেন গত বছরের জুলাই থেকে এক বছর মেয়াদি প্রশিক্ষণে (সি-ইন-এড) গেছেন। অপর শিক্ষক ফারহানা বেগম গত বছরের ১৩ ডিসেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় অন্য জেলা থেকে নিয়োগপ্রাপ্ত আরেক সহকারী শিক্ষক মেরিনা সুলতানা সি-ইন-এড সম্পন্ন করে বিদ্যালয়ে যোগদান করেই মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। ছুটি শেষ হওয়ার এক দিন পরই তাঁকে অন্যত্র বদলি করা হয়। প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়কেও বদলি করা হয় গত ৭ ডিসেম্বর।নূরজাহান বেগম ক্ষোভের সঙ্গে বলেন, ‘সভায় দেরিতে উপস্থিত হলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাই আজ (সোমবার) একটু আগেই উপজেলায় চলে এসেছি। আপনারা পত্রিকায় লিখুন। এ রকম অবস্থায় শিক্ষার্থীদের ভালো ফল কীভাবে সম্ভব? আমি নতুন শিক্ষক। প্রধান শিক্ষকের দায়িত্বসহ বিভিন্ন শ্রেণীর ৪০০ শিক্ষার্থীকে পাঠদান, তালা খোলা ও লাগানো, ঝাড়ু দেওয়া, পতাকা ওড়ানো, শিক্ষার্থী ভর্তি প্রভৃতি একাই সামলাতে হচ্ছে। অবস্থা দেখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গত মাস থেকে একজন “প্যারা শিক্ষক” নিয়োগ দেয়।’স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, বিদ্যালয়ের শিক্ষকসংকটের বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত জহিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়কে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে। ওই বিদ্যালয়ে পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলা থেকে শিক্ষক দেওয়ার কথা রয়েছে।সদ্য যোগদানকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার বলেন, ধনকুড়া স্কুলে শিগগিরই একজন শিক্ষক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।