৪০২ কেজি ভেজাল মসলা উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পচা সেমাই, কাঠের গুঁড়া, ধানের তুষ ও রং দিয়ে ভেজাল মসলা তৈরি করা হচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী রমজান মাসে বাজারে সরবরাহ করার জন্য এগুলো তৈরি করছে। স্থানীয় লোকজন গত শনিবার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারের তিনটি কল থেকে ৪০২ কেজি ভেজাল হলুদ, বেসন ও মরিচের গুঁড়া উদ্ধার করেছে। পরে তাঁরা এগুলো রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে জমা দেন। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত আবেদন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদা শিরিন জানান, কাঠের গুঁড়া ও ধানের তুষ মেশানো মসলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে হূদেরাগ, জন্ডিস, গ্যাস্ট্রিক ও আলসারও হতে পারে। এলাকাবাসী অভিযোগ করে, রমজান মাসকে সামনে রেখে রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারের মহিউদ্দিন, সুমন বড়ুয়া ও শফি সওদাগরের কলে ভেজাল মরিচ, হলুদ, বেসন ও ধনে গুঁড়া তৈরি করা হচ্ছে। স্থানীয় লোকজন গত শনিবার সন্ধ্যায় ওই তিনটি কল থেকে প্রায় ৯০ কেজি ভেজাল বেসন, ২০০ কেজি হলুদ ও ১১২ কেজি মরিচের গুঁড়া উদ্ধার করে। এ সময় সেখান থেকে ভেজাল মসলা তৈরির জন্য মজুদ করে রাখা বিপুল পরিমাণ পচা সেমাই, চালের গুঁড়া, কাঠের গুঁড়া ও ধানের তুষ উদ্ধার করা হয়। রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান চৌধুরী জানান, স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে ওই কলমালিকদের বিরুদ্ধে ভেজাল মসলা তৈরির অভিযোগ করে আসছিল। উপযুক্ত প্রমাণের অভাবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছিল না। শনিবার স্থানীয় লোকজন হাতেনাতে ভেজালসামগ্রী উদ্ধার করে ইউপি কার্যালয়ে জমা দিয়েছে। কলমালিক মহিউদ্দিন জানান, তিনি লাভের আশায় ভেজাল মসলা তৈরি করেন। সুমন ভেজাল মসলা তৈরি করার কথা অস্বীকার করে বলেন, কল পরিষ্কার রাখার জন্য কাঠের গুঁড়া ও ধানের তুষ ব্যবহার করেন। তা ছাড়া এগুলো ব্যবহার করলে হলুদ ও মরিচের গুঁড়া ঝরঝরে থাকে। ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, কলগুলো সিলগালা করে দেওয়া হবে। একসঙ্গে ওই তিনটি কলের মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।