নতুন কোনো কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৩-১৪ অর্থবছরে ৪০৩ কোটি ৯২ লাখ ৩৭৬ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবন কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মেয়র সেলিনা হায়াৎ আইভী গণমান্য বক্তি, বিভিন্ন স্তরের নাগরিক ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণাকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমুিনুল্লাহ নূরী, প্যানেল মেয়র ওবায়দুল্লাহ ও বিভিন্ন কাউন্সিলর উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় দেখানো হয়েছে ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৯ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৫৫০ টাকা। বছর শেষে ঘোষিত বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে চার কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮২৬ টাকা। সেলিনা হায়াৎ আইভী বলেন, রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, জলাবদ্ধতা দূরীকরণ, স্ট্রিট লাইট স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নসহ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় নগরবাসীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য একটি মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।মেয়র সেলিনা হায়াৎ আইভী নগরের উন্নয়নে সময়মতো হোল্ডিং কর পরিশোধ করার জন্য অনুরোধ জানান।