বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাককে ১১ বছরের আয়কর বাবদ ৪০৪ কোটি টাকা পরিশোধ করার যে নির্দেশ কর আপিল ট্রাইব্যুনাল দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। ব্র্যাকের ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বাতিল করেছেন আপিল বিভাগ।
ঢাকার কমিশনার অব ট্যাক্সেসের করা পৃথক ১১টি আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। ফলে ১১ বছরের আয়কর বাবদ কর আপিল ট্রাইব্যুনালের নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা ব্র্যাককে পরিশোধ করতে হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর। ব্র্যাকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান। রায়ের পর রাশেদ জাহাঙ্গীর বলেন, আপিল বিভাগ বলেছেন, ব্র্যাকের প্রদেয় আয়কর অব্যাহতিযোগ্য নয়। তাই ব্র্যাককে ট্রাইব্যুনাল-নির্ধারিত আয়কর পরিশোধ করতে হবে।
রায়ের প্রতিক্রিয়ায় ব্র্যাক বলেছে, পূর্ণাঙ্গ রায় এখনো ব্র্যাক কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে। তবে বলার অপেক্ষা রাখে না, ব্র্যাক সব সময়ই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। রায়ের ফলে দেশজুড়ে ব্র্যাকের মানবসেবামূলক কর্মসূচিতে বা কর্মসূচিগুলোর সেবাগ্রহীতাদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না।
ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৪ সালে হাইকোর্ট দাতব্য সংস্থা (চ্যারিটেবল অর্গানাইজেশন) হিসেবে ব্র্যাকের সামাজিক উদ্যোগগুলোর আয়কে আয়করের আওতামুক্ত করে রায় দেন। উল্লেখ্য, ব্র্যাক-প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগগুলো থেকে পাওয়া অর্থ সামাজিক উন্নয়েন ব্যয় করা হয়। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ থেকে ১৯৯৭ এবং ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ১১ করবর্ষের জন্য বিভিন্ন সময় ঢাকার উপ-কর কমিশনারের কার্যালয় ব্র্যাকের প্রদেয় আয়কর নির্ধারণ করে। তখন ব্র্যাক আপিল কমিশনারের কাছে আপিল করে। আপিল কমিশনার সংযোজন-বিয়োজন করে উপ-কর কমিশনারের সিদ্ধান্ত বহাল রাখেন। ব্র্যাক কর আপিল ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনালে ব্র্যাকের জন্য পরিশোধযোগ্য ৪০৪ কোটি টাকা কর নির্ধারিত হয়।
এরপর ব্র্যাক হাইকোর্টে আপিল করে। ১১টি পৃথক আপিলের ওপর শুনানি শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট রায়ে বলেন, ব্র্যাকের ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে কমিশনার অব ট্যাক্সেস গত বছর ১১টি আপিলের আবেদন (লিভ টু আপিল) করে। আপিলের আবেদন মঞ্জুর হওয়ার পর রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করে।
ব্র্যাকের আইনজীবী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, লিভ টু আপিল মঞ্জুরের আগে ও পরে ব্র্যাক আয়করের নির্ধারিত অর্থ কিছু পরিশোধ করেছে। তা মোট অর্থের সঙ্গে সমন্বয় করা হবে। পূর্ণাঙ্গ রায় দেখে তা পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।