৪০৬ শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পাকা ভবন নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় প্রায় তিন মাস আগে নিলামে বিক্রি করা হয়। এর পর থেকে ওই বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, দুটি পাকা ভবন যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় গত ২৭ আগস্ট নিলামে বিক্রি করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম শিক্ষার্থীদের পাঠদানের কোনো ব্যবস্থা না করেই ভবন দুটি বিক্রি করে দেন। ফলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ৪০৬ জন শিক্ষার্থী খোলা আকাশের নিচে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে পাঠ নিচ্ছে। এতে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। অথচ প্রাথমিক শিক্ষা কার্যালয় নীরব ভূমিকা পালন করছে। এদিকে বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন চারজন।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আলমগীর ও মনির হোসেন বলে, ‘খোলা আকাশের নিচে ক্লাস করার সময় বৃষ্টি এলে বই খাতা পানিতে ভিজে যায়। তাই স্কুলে পড়তে আর বালা লাগে না।’ তৃতীয় শ্রেণীর আলামিন নামের আরেক শিক্ষার্থী বলে, ‘মাটিতে বসে ক্লাস করতে বালা লাগে না। প্রায়ই অসুখ হয়। বার্ষিক পরীক্ষা দিয়ে অন্য স্কুলে চলে যাব।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার জানান, খোলা আকাশের নিচে পাঠদান করতে হয়। তাই শিশুদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য তারা মিয়া জানান, মাটিতে বসে পাঠ নিতে হয় বলে শিশুরা বিদ্যালয়ে যেতে চায় না। বুঝিয়ে তাদের স্কুলে পাঠাতে হয়।
পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জানান, স্কুল ঘরের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর আবেদন করা হয়েছে। শিগগিরই ঘরের ব্যবস্থা করা না হলে প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। শিশুদের পাঠদানের জন্য আগামী জানুয়ারি মাসে এডিবির বরাদ্দ থেকে টিনের ঘর করে দেওয়া হবে।