৪০৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার থেকে এ মৌসুমের হজ ফ্লাইট শুরু করেছে। ৪০৯ জন যাত্রী নিয়ে সকাল সাতটায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হজ ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমান উপস্থিত ছিলেন। পরে রাশেদ খান মেনন জানান, বিমানের বহরে থাকা চারটি বি ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের মাধ্যমে ২০১৪ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হজ-পূর্ববর্তী ফ্লাইট চলবে। আর হজ-পরবর্তী ফ্লাইট ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর শেষ হবে। তিনি আরও জানান, এ বছর হজযাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭৫৭ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেড় হাজার হজযাত্রী যাচ্ছেন।