৪০৯ শিক্ষার্থীর একটি শৌচাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থীরা শৌচাগার-সংকটে রয়েছেন। এখানে ২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থীর জন্য ১১টি শৌচাগার রয়েছে। এর মধ্যে দুটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী, একটির দরজা নেই, ছিটকিনি না থাকায় আরেকটি ভেতর থেকে আটকানো যায় না।
কলেজ সূত্র জানায়, ১৯৬৮ সালে ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লায় বর্তমান মুজিব সড়কের দক্ষিণ পাশে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ১৯৮৭ সালে এটি জাতীয়করণ হয়। কলেজটিতে উচ্চমাধ্যমিকের দুটি বর্ষ ও স্নাতক শ্রেণির তিনটি বর্ষের ২ হাজার ৮৬৩ শিক্ষার্থীকে পাঠদান করা হয়। সেই হিসাবে কলেজটিতে ২৬০ জনের জন্য একটি শৌচাগার রয়েছে। তবে চারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় এখন ৪০৯ জনের জন্য শৌচাগার একটি।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কলেজটির দোতলা বিজ্ঞান ভবন ও তিনতলা একাডেমিক ভবনে পাঠ দেওয়া হয়। বিজ্ঞান ভবনের প্রথম তলায় শিক্ষার্থীদের জন্য পাশাপাশি পাঁচটি শৌচাগার রয়েছে। এর মধ্যে চক দিয়ে লিখে তিনটি ছাত্রদের ও দুটি ছাত্রীদের ব্যবহারের জন্য নির্দিষ্ট করা রয়েছে। এ পাঁচটি শৌচাগারের একটিতে দরজা নেই এবং ছিটকিনি না থাকায় আরেকটি ভেতর থেকে আটকানো যায় না। তিনতলা একাডেমিক ভবনের প্রতি তলায় দুটি করে মোট ছয়টি শৌচাগার। এগুলোর কোনটি ছাত্র আর কোনটি ছাত্রীদের ব্যবহারের জন্য, তা নির্দিষ্ট করা নেই। এর মধ্যে দোতলার দুটি শৌচাগার ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, শৌচাগার সমস্যার কারণে তাঁদের প্রতিনিয়ত বিব্রত হতে হয়। প্রয়োজন বেশি থাকলেও অনেক সময় তাঁদের অপেক্ষা করতে হয়।
কয়েকজন ছাত্রী বলেন, বিজ্ঞান ভবনে ছাত্র ও ছাত্রীদের শৌচাগারগুলো পাশাপাশি হওয়ায় অনেক ছাত্রী সংকোচের কারণে এগুলো ব্যবহার করতে বিব্রত হন। তা ছাড়া একাডেমিক ভবনের শৌচাগারগুলো নির্দিষ্ট করা নেই। ফলে শিক্ষার্থীদের বিব্রত হতে হয়।
অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাস বলেন, বিজ্ঞান ভবনে নতুন শৌচাগার নির্মাণের জায়গা নেই। এখানকার শৌচাগারগুলোর দরজা ও ছিটকিনি লাগানোর উদ্যোগ নেওয়া হবে। একাডেমিক ভবনের নষ্ট দুটি শৌচাগারও চালু করা হবে। তিনি আরও বলেন, শৌচাগারগুলো প্রতিনিয়ত পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। আর ছাত্রীদের পরামর্শ দেওয়া হবে, তাঁরা যেন মিলনায়তনের শৌচাগার ব্যবহার করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, ‘শিক্ষার্থীদের অনুপাতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৌচাগার করা হয় বলে আমার জানা নেই। এ জাতীয় কোনো নীতিমালাও আমার নজরে আসেনি। তবে আমি মনে করি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপাতে শৌচাগার কটি হবে সে বিষয়ে নির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি।’