৪১ ওয়ার্ডের ৩৬টিতেই আওয়ামী লীগ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ৩৬টি ওয়ার্ডে এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা পাঁচটি ওয়ার্ডে জয়ী হয়েছেন। বিএনপির বিজয়ী পাঁচ কাউন্সিলরের মধ্যে তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদের। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত মাছ কাদের নির্বাচনে জয়ী হয়েছেন। ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে প্রার্থী হন পুলিশের তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী আলী আকবর ওরফে ছেড়া আকবরও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আকবর নির্বাচনে পরাজিত হয়েছেন। এই ওয়ার্ডে দল-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
২০১০ সালের নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ জিতেছিল ২০টিতে, বিএনপি ১৯টিতে এবং জামায়াত দুটিতে।
নগর আওয়ামী লীগের সদস্য ও ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাহাদুরও কাউন্সিলর পদে লড়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৯০০ ভোট। মাছ কাদের পেয়েছেন ১০ হাজার ১৪১ ভোট।
গতকাল বুধবার দুপুরে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে ২০০১ সাল থেকে টানা তিনবার পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এবার মানুষ ভোট দিতে কেন্দ্রে আসতে পারেনি। যারা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারতে পেরেছে, তারাই জিতেছে।’
এ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হওয়া মাছ কাদের দাবি করেন, কোনো কেন্দ্র দখল করেননি তিনি। জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করা ছেড়া আকবর পেয়েছেন ১ হাজার ২০৩ ভোট। তাঁর দাবি, ‘ভালো হয়ে যাওয়ায় আমি কোনো কেন্দ্র দখল করিনি। তাই পরাজিত হয়েছি। যারা কেন্দ্র দখল করেছে, তারাই জয়ী হয়েছে।’
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের হেরে যাওয়া বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে আসতে না দিয়ে ব্যালটে সিল মারা হয়েছে। কেন্দ্রের ভেতর বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। তাই নির্বাচন বর্জন করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচিত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনে হেরে গেয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
বিএনপি-সমর্থিত নির্বাচিত পাঁচ কাউন্সিলর হলেন, ৫ নম্বর মোহরা ওয়ার্ডে মো. আজম, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় এ কে এম জাফরুল ইসলাম, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় এয়াছিন চৌধুরী আছু, ২৬ নম্বর উত্তর হালিশহরে মো. আবুল হাশেম ও ৩৪ নম্বর পাথরঘাটায় মো. ইসমাইল বালি।
এঁদের মধ্যে এয়াছিন চৌধুরীর বিরুদ্ধে নাশকতার দুই মামলা, আবুল কাশেমের বিরুদ্ধে চার মামলা এবং ইসমাঈল বালির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।