
একতলা ভবনের দেয়ালে ফাটল ধরেছে। খসে পড়েছে পলেস্তারা। ইট-সিমেন্ট ভেদ করে বেরিয়ে এসেছে রড। ভেঙে গেছে ছাদের কার্নিশ। সিঁড়িকক্ষে ছাউনি না থাকায় বৃষ্টির পানি চলে আসে নিচতলায়। শৌচাগারের দরজা ভাঙা। ছিটকিনির কাজ চালানো হচ্ছে দড়ি দিয়ে। এই অবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনের পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়ের।
জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলে নাগরিক সেবা কার্যক্রম। জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ সংগ্রহসহ নানা কাজে প্রতিদিন অসংখ্য মানুষকে ষোলশহর ওয়ার্ড কার্যালয়ে আসতে হয়। গত মঙ্গলবার ওয়ার্ড কার্যালয়ে কথা হয় সেবা নিতে আসা লোকজনের সঙ্গে। তাঁরা ভবনের জীর্ণ দশায় ক্ষোভ প্রকাশ করেন।

নগরের বিবিরহাট এলাকায় মুরাদপুর-অক্সিজেন সড়কের পাশে পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী প্রথম আলোকে বলেন, ‘আগে এখানে বসার পরিবেশ পর্যন্ত ছিল না। খুবই নাজুক অবস্থায় ছিল কার্যালয়টি। গত বছর জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ভবনের একটি অংশ সংস্কার করি।’
ওয়ার্ডের হাদু মাঝি পাড়ার বাসিন্দা বশির আহমেদ বলেন, ‘ভবনটির অবস্থা দেখে খুব নাজুক মনে হয়। ভেঙে নতুন ভবন নির্মাণ করা দরকার।’
ষোলশহরের মতো নগরের আরও ১৮টি ওয়ার্ড কার্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এগুলো ভেঙে বহুতল ভবন করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। করপোরেশনের মোট ওয়ার্ড কার্যালয় ৪১টি।
সিটি করপোরেশনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ, পাঁচলাইশ, মোহরা, পশ্চিম ষোলশহর, উত্তর পাহাড়তলী, উত্তর কাট্টলী, সরাইপাড়া, লালখান বাজার, পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, উত্তর পাঠানটুলী, উত্তর হালিশহর, দক্ষিণ আগ্রাবাদ, পাঠানটুলী, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি, আন্দরকিল্লা ও উত্তর মধ্যম হালিশহরের ওয়ার্ড কার্যালয়গুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আর পুরোনো হয়ে পড়েছে পাথরঘাটা, বকশিরহাট, উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গার ওয়ার্ড কার্যালয়ের ভবনগুলো।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, করপোরেশনের প্রকৌশল বিভাগ ওয়ার্ড কার্যালয়গুলোর বর্তমান অবস্থা নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে। ভবনগুলোর অবস্থা সম্পর্কে জানতে আরও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এ জন্য একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে জরিপ চালানো হচ্ছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর ভবনগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত রোববার সিটি করপোরেশনের নগর অবকাঠামো, নির্মাণ ও সংরক্ষণ-বিষয়ক স্থায়ী কমিটিসহ চারটি কমিটির যৌথ সভা হয়। সেখানে ৪১টি ওয়ার্ড কার্যালয়কে একই নকশায় গড়ে তোলার সিদ্ধান্ত হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, জরাজীর্ণ ওয়ার্ড কার্যালয়কে ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। সব কটি একসঙ্গে না ভেঙে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রতিবছর একটি-দুটি করে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রয়োজনে সরকারের কাছ থেকেও অর্থ সহায়তা চাওয়া হবে।
গত মঙ্গলবার আন্দরকিল্লা ওয়ার্ড কার্যালয়ের ভবনে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের দোতলার একটি কক্ষে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। পাশের কক্ষটি সচিবের। অন্য একটি কক্ষে পরিচ্ছন্নতা বিভাগের জিনিসপত্র রাখা হয়। ওয়ার্ড কাউন্সিলর ও সচিবের কক্ষের জানালার কাচ ভাঙা। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। কার্যালয়টি রং করা হয়নি দীর্ঘদিন।
আন্দরকিল্লার ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, ভবনটি সংস্কারের বিকল্প নেই। ওয়ার্ড সচিব রুবেল কুমার শীল বলেন, কার্যালয়ের জীর্ণশীর্ণ চেহারা দেখে সেবা নিতে আসা লোকজনও হতাশ হয়ে পড়েন। তাঁরা কার্যালয়টি সংস্কারের অনুরোধ জানিয়েছেন। জানালা ভাঙা থাকায় পাশের নালার দুর্গন্ধের জন্য অফিসে বসা থাকা যায় না।
শিরিন আকতার ও প্রীতম দত্ত নামের দুই ব্যক্তি গত মঙ্গলবার এসেছিলেন নাগরিকত্ব সনদ নিতে। তাঁরা বলেন, ওয়ার্ড কার্যালয়ের বর্তমান চেহারা পাল্টানো দরকার। এর পরিবর্তে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলা উচিত, যাতে সেবা নিতে আসা লোকজন স্বস্তি পায়।
আন্দরকিল্লার মতোই দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কার্যালয়েরও একই অবস্থা। বৃষ্টি ও জোয়ারের সময় চারতলা ভবনের নিচতলায় পানি জমে যায়। সে কারণে নিচতলাটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দোতলা ও তিনতলায় দাতব্য চিকিৎসালয়। চতুর্থ তলায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। চারতলার সিঁড়িকক্ষের টিনের ছাউনি গত বছর ঝড়ে উড়ে গেছে। এক বছর পরও এটি ঠিক করা হয়নি।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, বৃষ্টি ও জোয়ারের সময় ওয়ার্ড কার্যালয়ের নিচতলা ও আশপাশের সড়ক পানিতে তলিয়ে যায়। তখন লোকজন কার্যালয়ে আসতে পারে না। সিঁড়িকক্ষের ছাউনি ঠিক না করায় বৃষ্টির পানি কার্যালয়ে প্রবেশ করে। এতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হচ্ছে।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের সেবা প্রদানের গুরুত্বপূর্ণ ও মূল কেন্দ্র হচ্ছে ওয়ার্ড কার্যালয়গুলো। কিন্তু এখানে এগুলোই সবচেয়ে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এসব কার্যালয় আধুনিকায়নের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজর নেই। এভাবে চলতে পারে না। সব ওয়ার্ড কার্যালয়ের ভবনগুলোকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব করে নির্মাণ করার দাবি জানান তিনি।