৪১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো ৪২টি দোকান
চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে বন্ধ করে দেওয়া ফরিদপুর মেডিকেল কলেজসংলগ্ন ৪৮টি ওষুধের দোকানের মধ্যে ৪২টি গতকাল সোমবার খুলে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে দোকানগুলো খুলে দেয় পুলিশ। এর আগে গত শনিবার রাতে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা ও মেডিকেল হাসপাতাল শাখার প্রতিনিধিদের সঙ্গে পুলিশ সুপার জামিল হাসানের বৈঠক হয়। বৈঠকে কয়েকটি শর্তে ৪২টি দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বাকি ছয়টি দোকানের ব্যাপারে পুলিশের তদন্তে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, দালাল দিয়ে হয়রানি করা, দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত হোসেন বলেন, ‘আমরা গত রোববার রাতে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে দেখা করি এবং তাঁর কাছে বেশি দামে আর ওষুধ বিক্রি করব না মর্মে মুচলেকা দিই। পরে মন্ত্রী পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে বলেন।’
ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন বলেন, শর্তসাপেক্ষে দোকানগুলো খুলে দেওয়া হয়েছে।
সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে রোগীদের কাছ থেকে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশ এবং মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতাল-সংলগ্ন ৪৮টি দোকান বন্ধ করে দেয় পুলিশ। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘ফরিদপুরে ৪৮টি ওষুধের দোকান বন্ধ করল পুলিশ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।