পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) পূর্বাঞ্চল সৈয়দ আহম্মদ আলীর সইয়ের জন্য চট্টগ্রামের ৪১ জন ডাক কর্মকর্তার আনুতোষিক (গ্র্যাচুইটি) ও পেনশনের ফাইল আটকে আছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কর্মকর্তারা বিপাকে পড়েছেন। তবে চলতি দায়িত্বে থাকা পিএমজি দাবি করেছেন, আর্থিক লেনদেনের কোনো কাগজপত্রে সই দেওয়ার এখতিয়ার তাঁর নেই।ডাক বিভাগ সূত্রে জানা যায়, নিয়মানুযায়ী অবসরে যাওয়া ডাক কর্মকর্তারা তাঁদের অঞ্চলপ্রধানের (পিএমজি) মাধ্যমে আনুতোষিক ও পেনশনের জন্য আবেদন জানালে তিনি তা সই করে ঢাকায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠিয়ে দেন। সেখান থেকে আবেদন মঞ্জুরের পর তাঁরা আনুতোষিক ও পেনশনের সব সুযোগ ভোগ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত অবসরে যাওয়া উপ ও সহকারী পোস্টমাস্টার পদের ৪১ জন কর্মকর্তার পেনশনের আবেদন পিএমজির দপ্তরে জমা পড়ে আছে। এসব কর্মকর্তার পক্ষে গত ১৯ এপ্রিল ডাক বিভাগের মহাপরিচালক বরাবরে চিঠি পাঠানো হয়। এতে তাঁরা অভিযোগ করেন, পিএমজি আবেদনে সই না দিয়ে তাঁর দপ্তরে জমা রেখেছেন। এগুলো ঢাকায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠাচ্ছেন না।এ ব্যাপারে সৈয়দ আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘ডাক বিভাগের একটি মামলার রায়ে বলা হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ আর্থিক সুযোগ-সুবিধাসংক্রান্ত কোনো কাজের অনুমোদনপত্রে সই দিতে পারবেন না। সে হিসেবে আমার পক্ষে ওনাদের আবেদনে অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না। তবু এসব কর্মকর্তার সমস্যার কথা ভেবে তাঁদের কাগজপত্রে সই দেওয়ার ব্যাপারে মহাপরিচালকের সিদ্ধান্ত চেয়ে সপ্তাহ খানেক আগে তাঁর দপ্তরে চিঠি পাঠিয়েছি।’ভুক্তভোগী কর্মকর্তারা জানান, সময়মতো অবসরকালীন ভাতা না পাওয়ায় অনেককেই মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অর্থের অভাবে অনেকে চিকিৎসা করাতে পারছেন না। মেয়ের বিয়ে দিতে পারছেন না কেউ কেউ। সরকার অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সঞ্চয়পত্রের ব্যবস্থা রেখেছে। যেখানে প্রতি এক লাখে মাসে এক হাজার ১২০ টাকা করে পাওয়ার সুযোগ রয়েছে। কিন্ত অবসর ভাতা না পাওয়ায় সে সুযোগ থেকেও তাঁরা বঞ্চিত।অবসরপ্রাপ্ত সহকারী পোস্টমাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের সবার অবস্থাই এখন করুণ। আমার সহকর্মী সহকারী পোস্টমাস্টার মোহাম্মদ ইউসুফ মুক্তিযোদ্ধা হয়েও দুই বছর অতিরিক্ত চাকরির সুযোগ নেননি, শুধু অবসরভাতা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার আশায়। আমি নিজেও টাকার অভাবে বিবাহযোগ্য মেয়ের বিয়ে দিতে পারছি না।’পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মানবিক দৃষ্টিতে ৪১ জন ডাক কর্মকর্তার বিষয়টি বিবেচনা করা উচিত। পিএমজি মহোদয় চলতি দায়িত্বের অজুহাতে তাঁদের পেনশন আবেদনে সই করতে পারছেন না। অথচ তাঁর অনুমোদনে পূর্বাঞ্চলের উন্নয়ন প্রকল্পের লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে।