৪১ দিন ধরে নিখোঁজ খেলাফতের নেতা ফরিদুল ইসলাম
যুব খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাজধানী থেকে নিখোঁজ হওয়ার ৪১ দিন পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর খোঁজ দিতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা ক্ষোভের কথা জানান।খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, ফরিদুল গত ১ এপ্রিল বেলা ১১টায় নিউ মার্কেটের উদ্দেশে কামরাঙ্গীরচরের বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং র্যাব-১০ কার্যালয় ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, সব অপহূত ব্যক্তি সরকারের তত্ত্বাবধানেই আছেন, হয়তো শায়েস্তা করার জন্যই তাঁদের নেওয়া হয়েছে।’সংবাদ সম্মেলনে সংশোধিত আন্তধর্ম বিবাহ আইনটি ধর্মবিরোধী দাবি করে তা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা ও পুত্রসন্তান না থাকলে কন্যাসন্তানকে পুরো সম্পদের অধিকার দিয়ে মুসলিম পারিবারিক আইন সংশোধন করার উদ্যোগ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা ছাড়াও সারা দেশে মসজিদে মসজিদে ‘বদ দোয়া কর্মসূচি’ দেওয়া হবে।সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, নায়েবে আমির আনিসুর রহমান জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।