টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্ত্রীরোগ ও প্রসূতিবিষয়ক (গাইনি) চিকিৎসকই অনুপস্থিত থাকায় এক মাসেরও বেশি সময় ধরে জরুরি প্রসূতি সেবা কার্যত বন্ধ রয়েছে। ফলে অন্তঃসত্ত্বা নারীরা বেশি টাকা ব্যয় করে ক্লিনিকে গিয়ে অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মিজানুর রহমান জানান, হাসপাতালের জুনিয়র গাইনি কনসালট্যান্ট সুলতানা মর্জিনা গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। জরুরি প্রসূতি বিভাগ চালু রাখতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডি আই রেজাউল করিম ওই চিকিৎসকের দায়িত্ব পালন করেন। তিনি গাইনিবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত। গত ১ সেপ্টেম্বর রেজাউল করিম পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, ‘জটিলতা নিয়ে আসা গর্ভবতীদের অস্ত্রোপচার সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে অন্য গর্ভবতীদের নিয়মিত প্রসূতি সেবা দেওয়া হচ্ছে। স্যার (রেজাউল করিম) ২৩ অক্টোবর এলে জরুরি প্রসূতি বিভাগ আবার আগের মতো সচল হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে শুধু সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৭ সাল থেকে বিশ্বব্যাংকের সহযোগিতায় ডিমান্ড সাইড ফাইন্যান্সিং (ডিএসএফ) প্রকল্প চালু হয়। এর আওতায় গর্ভবতী নারীরা বিনা মূল্যে ওষুধসহ অস্ত্রোপচার ও বাচ্চা লালনপালন বাবদ নগদ তিন হাজার করে টাকা পাওয়ার কথা। কিন্তু ৪০ দিন ধরে জরুরি প্রসূতি বিভাগে কোনো চিকিৎসক না থাকায় প্রসূতিরা এ সাহায্য পাচ্ছেন না। বরং হাসপাতালে এসে ফিরে গিয়ে ক্লিনিকে বাড়তি টাকা খরচ করে অস্ত্রোপচার করছেন।
আড়াইপাড়া গ্রামের খাদিজা বেগম নামের এক প্রসূতি বলেন, ‘আমার হলুদ কার্ড (ডিএসএফ কার্ড) আচে। ব্যথা উটার পর আমারে নিয়া স্বামী হাসপাতালে যায়। ডাক্তার নাই বইলা ক্লিনিকে অপারেশন কইরা আমার বাচ্চা অয়। আমি তো টেহা পাইলাম না। ক্লিনিকে আরও টেহা বেশি লাগল।’
ডিএসএফের সখীপুর ও জামালপুরের সরিষাবাড়ীর দায়িত্বে থাকা কোয়ালিটি ব্যবস্থাপক বুলবুল হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সূত্র আরও জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব নারীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডিএসএফের সুবিধা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু প্রসবকালীন বিপদ মুহূর্তে ৪০ কিলোমিটার ভাঙাচোরা রাস্তা পেরিয়ে টাঙ্গাইলে গিয়ে যে টাকা খরচ হবে তার চেয়ে স্থানীয় ক্লিনিকেই অস্ত্রোপচার করছেন অন্তঃসত্ত্বা নারীরা।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ডিএসএফ প্রকল্পের অধীনে গর্ভবতী জটিল রোগীদের টাঙ্গাইল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। সেখানে সেবা নিলে কার্ডধারী মায়েরা আর্থিক সুবিধা পাবেন। তাই এ পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ে টানানো তথ্যতালিকা বিশ্লেষণ করে দেখা যায়, হাসপাতালটিতে গত আগস্টে ডিএসএফ প্রকল্পের আওতায় ৬০ জন অন্তঃসত্ত্বা নারী অস্ত্রোপচারের মাধ্যমে মা হয়েছেন। স্বাভাবিক প্রসবে মা হয়েছেন আরও ৫৩ জন। কিন্তু চিকিৎসক না থাকায় গত সেপ্টেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮৯ জন অন্তঃসত্ত্বা নারী এলেও স্বাভাবিক প্রসবে মা হয়েছেন ৩৩ জন। বাকিরা ফিরে গেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ গতকাল রোববার বলেন, ‘হাসপাতালে দুজন বিশেষজ্ঞ ডাক্তারের অনুপস্থিতিতে সাময়িক অসুবিধা হচ্ছে। আজকালের মধ্যে একজন গাইনি চিকিৎসক দেওয়া হবে।’