৪১ দিনে পৌনে দুই লাখ কল দুদকের হটলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগকেন্দ্রের হটলাইন ‘১০৬’ চালুর পর গত ৪১ দিনে ১ লাখ ৭১ হাজার কল এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এসব কলের মাধ্যমে আসা মাত্র ৪৮৩টি অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য দুদকের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। দুর্নীতির বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য গত ২৭ জুলাই দুদক অভিযোগ কেন্দ্রর হটলাইন ‘১০৬’-এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দুদক সূত্র জানায়, এই প্রায় পৌনে দুই লাখ কলের মধ্যে ৪৮৩টি অভিযোগ কমিশনের যাচাই-বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৮টি অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। পাঁচটি অভিযোগের অনুসন্ধান এর মধ্যেই শুরু হয়েছে। কয়েকটি অভিযোগের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের জন্য কমিশনের বিশেষ টিমগুলোকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে সরেজমিনে পরিদর্শনের জন্য তাৎক্ষণিকভাবে পাঠানো হয়েছে। ওই সব দপ্তরে দুদকের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আমলে নেওয়া ৪৮৩ অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি স্থানীয় সরকার বিভাগের বিষয়ে ৮৫টি অভিযোগ এসেছে। এর বাইরে শিক্ষাসংক্রান্ত দপ্তরগুলোতে দুর্নীতি নিয়ে ৮০টি, পুলিশের বিষয়ে ২১টি, ভূমি অফিসের ২০টি, স্বাস্থ্য বিভাগের ১৫টি, গণপূর্ত অধিদপ্তর ও রাজউকের ১২টি, বিভিন্ন ব্যাংকের ১১টিসহ খাদ্য বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, রেল, জাতীয় রাজস্ব বোর্ড, বিআরটিএ, বিদ্যুৎ কার্যালয়ে দুর্নীতির বিষয়ে অভিযোগ যাচাই-বাছাই চলছে।