৪১ প্রার্থীর ১৯ জনই 'স্বশিক্ষিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন মেয়র পদপ্রার্থী, ৩০ জন সাধারণ কাউন্সিলরসহ ৪১ প্রার্থীর
১৯ জনই ‘স্বশিক্ষিত’। নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
শিক্ষাগত যোগ্যতা: হলফনামার তথ্য অনুযায়ী, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জামিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর পাস করেছেন। বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র সাখোয়াত হোসেন স্বশিক্ষিত ও জাতীয় পার্টির সুরুজ আলী শেখ অষ্টম শ্রেণি পাস।
কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১ নম্বর ওয়ার্ডের মো. জুয়েল হোসেন; ২ নম্বর ওয়ার্ডের মো. ইমারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম বাদশা, মো. মজির উদ্দিন শেখ; ৩ নম্বর ওয়ার্ডের আরমান আলী প্রধান, এস এম খোকন ফারুক; ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম, ইমরান হোসেন, মো. খাজা মিয়া; ৫ নম্বর ওয়ার্ডের মো. শামিম সরদার; ৬ নম্বর ওয়ার্ডের মো. তবিবর রহমান বাবুল; ৭ নম্বর ওয়ার্ডের মো. এনামুল হক, মো. ইলিয়াস সরদার; ৮ নম্বর ওয়ার্ডের মো. এন্তাজ আলী মণ্ডল; ৯ নম্বর ওয়ার্ডের ইয়াহিয়া মণ্ডল হলফনামায় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন। ৩ নম্বর ওয়ার্ডের মো. ইসরাইল শেখ অক্ষরজ্ঞানসম্পন্ন উল্লেখ করেন।
৪ নম্বর ওয়ার্ডের মো. ওমর ফারুক মিলন ও মো. মোহাব্বত, ৫ নম্বর ওয়ার্ডের ওয়াহিদ মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের মো. শাহ্ আলম ও মো. মমিনুল ইসলাম অষ্টম শ্রেণি এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. আবু বক্কর সিদ্দিক নবম শ্রেণি পাস। ৫ নম্বর ওয়ার্ডের মো. রহিম উদ্দিন মণ্ডল, ৬ নম্বর ওয়ার্ডের মো. ইসরাইল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের মিনহাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের রতন চন্দ্র বর্মণ এসএসসি পাস। ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল্লাহেল মামুন সাইফুল ফাজিল পাস, ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু জাহের এইচএসসি, ১ নম্বর ওয়ার্ডের অলক কুমার মিন্টু স্নাতক পাস। ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুক হোসেন কামিল পাস।
সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী মোছা. ফেরদৌসী বেগম, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী উম্মে কুলসুম ও আলেয়া বেগম স্বশিক্ষিত। ১, ২, ৬ নম্বর ওয়ার্ডে মোছা. সেতু; ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজা বিবি অষ্টম শ্রেণি; ১, ২, ৬ নম্বর ওয়ার্ডের পাপিয়া সুলতানা, মোছা. মমতাজ খাতুন এসএসসি; ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডের মোছা ইয়াসমিন সরকার এইচএসসি পাস।
মামলা: বর্তমান মেয়র সাখোয়াত হোসেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. ইলিয়াস সরদার ও ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আব্দুল্লাহেল মামুনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. ওয়াহিদ মুরাদ ও ৮ নম্বর ওয়ার্ডের রতন চন্দ্র বর্মণের বিরুদ্ধে রয়েছে চোরাচালান মামলা। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের মো. এনামুল হকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এবং ৪ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিমের বিরুদ্ধে সাধারণ মামলা রয়েছে বলে প্রার্থীরা হলফনামায় উল্লেখ করেছেন। সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী আটজনের নামে কোনো মামলা নেই।
পেশা: সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩০ জন প্রার্থীর ২৩ জনই ব্যবসায়ী। পাঁচজনের পেশা কৃষি। একজন বেসরকারি চাকুরে এবং একজন শ্রমিক বলে হলফনামায় উল্লেখ করেছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীরই পেশা ব্যবসা। জামিল হোসেন অগ্রণী ব্যাংকের হাকিমপুর শাখা থেকে ৯৫ লাখ টাকা, সুরুজ আলী শেখ ইসলামী ব্যাংক বিরামপুর শাখা থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন।
কাউন্সিলর পদপ্রার্থীদের কোনো দায়-দেনা ও ঋণ নেই।
সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী আটজনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মোছা. পাপিয়া সুলতানা ছাত্রী, তিনজন গৃহিণী ও দুজন ব্যবসায়ী। দুজন তাঁদের পেশা উল্লেখ করেননি। তাঁদের কোনো দায়-দেনাও নেই।