৪১ বছর পর শহীদ সন্তানের সমাধির খোঁজ পেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সাল। চারদিকে তুমুল যুদ্ধ চলছে। আতাহার আলী পরিবারের কাউকে না জানিয়েই যুদ্ধে চলে যান। একসময় দেশ স্বাধীন হয়। কিন্তু আতাহার আলী আর ফেরেননি। মা ছেলের পথ চেয়ে থাকেন, অঝোরে কাঁদেন। ছেলে ফিরবে—এই আশা তাঁর বুকজুড়ে। একসময় মায়ের অপেক্ষার পালা শেষ হয়। মা জানতে পারেন, ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু কোথায় শহীদ হয়েছেন, সমাধি কোথায়—সেই খবর আর জানা যায়নি। মায়ের আকুতি, অন্তত ছেলের সমাধি দেখে যেতে চান তিনি। সেই চেষ্টা চালিয়ে যান আতাহার আলীর ছোট ভাই নিজাম উদ্দিন। অবশেষে স্বাধীনতার ৪১ বছর পর শহীদ ছেলের সমাধির খোঁজ পেয়েছেন সেই মা। শহীদ ভাইয়ের সমাধির খোঁজ পেয়ে আবেগাপ্লুত নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মায়ের চোখে আর জল নেই। কাঁদেত কাঁদতে শুকিয়ে গেছে। তবুও তাঁর আকুতি ছিল, ছেলের সমাধি দেখে যাবেন। বাড়িতে খবর দিয়েছি। খুব শিগগিরই মা ও পরিবারের সবাইকে নিয়ে সুনামগঞ্জে আবার আসব।’ শহীদ আতাহার আলীর বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বিরাহিমপুর (মেঘনা) গ্রামে। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে সুনামগঞ্জ অঞ্চলে শহীদ হন। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ডলুরায় অবস্থিত ৪৮ জন শহীদের সমাধিতে রয়েছে শহীদ আতাহার আলীর কবর। সমাধিক্ষেত্রে নামফলকে শহীদদের তালিকায় ২৭ নম্বরে তাঁর নাম ও ঠিকানা রয়েছে। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ নিয়ে সমপ্রতি প্রকাশিত একটি বইয়ে নাম প্রকাশিত হওয়ায় আতাহার আলীর পরিবার তাঁর সমাধির খোঁজ পায়। এবারের একুশে বইমেলায় সুনামগঞ্জ মুক্তিযুদ্ধচর্চা ও গবেষণাকেন্দ্রের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর লেখা রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ বইটি প্রকাশিত হয়। এ গ্রন্থে সুনামগঞ্জে অন্য জেলার শহীদদের একটি তালিকা রয়েছে। এ তালিকায় শহীদ আতাহার আলীর নাম আছে খবর পেয়ে নিজাম উদ্দিন সুনামগঞ্জে ছুটে আসেন। এরপর খোঁজ পান ভাইয়ের সমাধির। নিজাম উদ্দিন জানান, তাঁর বাবা মেছের উদ্দিন বিশ্বাস কৃষক ছিলেন। মায়ের নাম বেলজান নেছা। সাত ভাইয়ের মধ্যে আতাহার আলী ছিলেন সবার বড়। মুক্তিযুদ্ধের সময় ২০ বছর বয়সী আতাহার আলী চাকরি করতেন ময়মনসিংহের একটি বেসরকারি সংস্থায়। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে বাড়িতে কাউকে না জানিয়েই তিনি যুদ্ধে চলে যান। যুদ্ধের পুরো সময় আতাহার আলীর কোনো খোঁজ ছিল না। যুদ্ধ শেষে মা-বাবাসহ পরিবারের সদস্যরা আতাহার আলীর জন্য অপেক্ষা করতে থাকে। ছয় মাস পর সেক্টর কমান্ডার সি আর দত্তের লেখা একটি চিঠি পায় তারা। জানতে পারে, আতাহার আলী সিলেট অঞ্চলে যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন। কিন্তু সিলেটের কোথায় তিনি শহীদ হন, তাঁর সমাধি কোথায়—সেটি আর জানা যায়নি। এরপর নিজাম উদ্দিন কয়েক দফা সিলেটে এসে খোঁজ নেন, কিন্তু কোনো কিছু জানতে পারেননি। নিজাম উদ্দিন জানান, চিঠি পাওয়ার কিছুদিন পর তাঁর বাবাও মারা যান। গত বইমেলায় রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ প্রকাশিত হলে তিনি জানতে পারেন, বইয়ে তাঁর ভাইয়ের নাম রয়েছে। এরপর তিনি সুনামগঞ্জে এসে ডলুরার শহীদ সমাধিতে গিয়ে ভাইয়ে কবর খুঁজে পান। মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘আতাহার আলী সুনামগঞ্জ অঞ্চলে যুদ্ধ করেছেন। ১৯৭১ সালের ২৭ জুলাই পাকিস্তানি বাহিনীর সঙ্গে সমঞ্চুখযুদ্ধে তিনি শহীদ হন। এরপর ডলুরা শহীদ সমাধিতে তাঁকে সমাহিত করা হয়।’