৪১ বছরেও শহীদের কাতারে মেলেনি ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪১ বছরেও নাটোরের শহীদ এক মুক্তিযোদ্ধার নাম তালিকায় ওঠেনি। রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুরে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তাঁর নাম সমশের আলী। সমপ্রতি স্মৃতিচারণা করতে গিয়ে সহযোদ্ধারা জানতে পারেন, তাঁর নাম শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় নেই। এ কথা শুনে তাঁরা হতাশা ব্যক্ত করেন।সমশের আলী ৭ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। বাড়ি তাঁর নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে। বাবার নাম নাজির প্রামাণিক। মুক্তিযুদ্ধ চলাকালে যে অভিযানে তিনি শহীদ হন, তার নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন-প্রবাসী মুক্তিযোদ্ধা নাজির আহম্মেদ খান। গত শনিবার রাজশাহীতে একটি অনুষ্ঠানে নাজির আহম্মেদ ও অন্য সহযোদ্ধারা সমশের আলীর স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শিল্পপতি মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধ চলাকালে আলাইপুর ক্যাম্প অপারেশনের সময় সমশের আলী ছিল আমার কয়েক গজ দূরে। বলছিল, “মোজাম্মেল, তোমার গলা দিয়ে রক্ত বের হচ্ছে।” তার কথায় আমি বুঝতে পারি, গুলিবিদ্ধ হয়েছি। এর প্রায় ১৫ সেকেন্ডের মাথায় সমশের আলীর ওপর শত্রুর মর্টার শেল পড়ে। এতে তার কোমর ভেঙে যায়। সে আর এগোতে পারছিল না। তখন বলেছিল, “মোজাম্মেল, তুমি যাও। আমি আর যেতে পারলাম না।” এটাই ছিল সমশের আলীর সাথে আমার শেষ কথা।’গতকাল রোববার চিথলিয়া গ্রামে সমশের আলীর বাড়ির খোঁজ নিতে গিয়ে জানা যায়, তাঁর পৈতৃক ভিটায় পরিবারের কেউ আর নেই। এলাকাবাসী জানান, মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় সে সময় রাজাকাররা সমশের আলীর পরিবারের ওপর নির্যাতন চালায়। বাধ্য হয়ে স্ত্রী রহিমা বেগম পাঁচ বছরের ছেলে ঝুমর আলী ও সাত মাস বয়সী মেয়ে সামি আরাকে নিয়ে বাবার বাড়ি চলে যান। রাজাকাররা তাঁদের বাড়িঘর ভেঙে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর সন্তানদের নিয়ে রহিমা আর স্বামীর ভিটায় ফিরতে পারেননি। পরে বাবা-মা তাঁকে অন্যত্র বিয়ে দেন। আর ঝুমর আলী এখন দিনমজুর। বিয়ে করে শ্বশুরের ভিটায় বাড়ি করে আছেন।৪১ বছর পর স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রহিমা বেগম। ‘চাইরে দিক লোকজন রাজাকার হচ্ছে দেকি উঁই (স্বামী) বুললি, “আমি দ্যাশ রক্ষা কইরবো। আমি রাজাকার হবো ল্যা (না)। আমি মইরি যাই যাব। আমার দশ ভাই খাবি”।’ বলে চলেন রহিমা, ‘যুদ্ধের মধ্যে ঈদ হইলি। তকুন খুব গুপনে ছালপাল দেকতে আইচিলি। ওই শ্যাষ দ্যাকা। পরে আজাদ (সমশের আলীর সহযোদ্ধা আজাদ আলী বীর প্রতীক) চিঠি পাঠাইলি। উনি লেকিছেন, “ভাবি আপনার হাতের অঙ্গুরি (আংটি) খইসি গেল। বাঘার চরে যাইয়া দেখি, মানুষ চেনার উপায় নাই। পরনের লুঙ্গি দেইকি চিনতে পারনু”।’ ঝুমর আলী বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কেউ কোনোদিন খোঁজ নেয়নি।’ মুক্তিযোদ্ধা সংসদ নাটোরের বাগাতিপাড়া উপজেলার কমান্ডার কসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সমশের আলী একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ২০০৫ সালে তৎকালীন উপজেলা কমান্ডার তাঁর নাম তালিকাভুক্তির জন্য পাঠিয়েছিলেন। কিন্তু দেরি হওয়ার কারণে তালিকায় ওঠেনি। আবার তাঁর নাম পাঠাচ্ছি, এবার উঠবে।’