৪১ ব্যবসায়ীকে উচ্ছেদ নোটিশ পৌরসভার
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার বিরুদ্ধে অবৈধভাবে ৪১ জন ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে খাসজমি ইজারা নিলেও ওই জমি দখলে নিতে পৌরসভা নোটিশ দিয়েছে। এদিকে পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, তারা ভূমি কার্যালয় থেকে ৯৯ বছরের জন্য জায়গাটি ইজারা নিয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, তাহেরপুর পৌরসভার ১৮৮৪ নম্বর দাগের ৩৬ শতাংশ খাসজমি স্থানীয় ৪১ ব্যবসায়ী একসনা ইজারা নিয়ে সেখানে ব্যবসা করে আসছেন। সর্বশেষ তাঁরা গত বছরের ১৪ অক্টোবর এক বছরের জন্য ইজারা নবায়ন করেন।
এদিকে গত ৮ সেপ্টেম্বর তাহেরপুর পৌরসভার মেয়র স্বাক্ষরিত একটি নোটিশ ৪১ ব্যবসায়ীকে দেওয়া হয়। নোটিশে ওই জমি থেকে ১০ দিনের মধ্যে ব্যবসায়ীদের দোকানপাট অপসারণের জন্য বলা হয়েছে। এ সময়ের মধ্যে অপসারণ না করলে তাঁদের উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দেয় পৌরসভা।
সদ্য বিদায়ী বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম জানান, ওই জমি ৯৯ বছরের জন্য ইজারার কোনো বিধান নেই, এক বছরের জন্য ইজারা দেওয়া যায়। তা আগের সহকারী কমিশনার (ভূমি) ব্যবসায়ীদের ইজারা দিয়েছেন। তবে তিনি জানান, যদি পৌরসভাকে ইজারা দেওয়া হয় তাহলে আগের ইজারা বাতিল করতে হবে, তাও করা হয়নি। এ বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে মানিকগঞ্জের সিঙ্গাইরে কর্মরত সাইদুর রহমান জানান, তিনি ব্যবসায়ীদের একসনার জন্য ইজারা দিয়েছেন।
বাজারের ব্যবসায়ী অনাথ সরকার জানান, তিনিসহ অন্যরা ৩০ বছর ধরে ওই জমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করে আসছেন। সরকারি জমি হলেও এখন পৌরসভা তাঁদের উচ্ছেদের নোটিশ দিয়েছে।
পৌরসভার সচিব সিরাজুম মনির ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দেওয়ার কথা স্বীকার করে জানান, ব্যবসায়ীদের ১০ দিনের মধ্যে তাঁদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও সময় দেওয়া হয়েছে। সচিব বলেন, পৌরসভা জায়গাটি ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে।