৪১ মৃত্যুর পেছনে কারও দায় নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানা ভবন বিস্ফোরণ ও আগুনে ধসে পড়েছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। সেই ধ্বংসস্তূপ সরিয়ে নতুন কারখানা ভবন নির্মাণের উপযোগী করা হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানা ভবন বিস্ফোরণ ও আগুনে ধসে পড়েছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। সেই ধ্বংসস্তূপ সরিয়ে নতুন কারখানা ভবন নির্মাণের উপযোগী করা হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

এক বছর পেরিয়ে আবারও মাথা তুলে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে পণ্যের মোড়ক তৈরির কারখানা ‘টাম্পাকো ফয়েলস লিমিটেড’। তবে টঙ্গীর এই শিল্পকারখানাটিতে কী কারণে বিস্ফোরণ হয়েছিল, এর দায়ভারই বা কার তা আজও শনাক্ত হয়নি। প্রতিবেদন প্রকাশ করেনি ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত পাঁচটি কমিটির কোনোটিই। এ ঘটনায় দায়ের করা দুটো মামলার তদন্তও প্রায় থেমে আছে।

খাদ্য ও কসমেটিক পণ্যের অ্যালুমিনিয়াম মোড়ক বা ফয়েল প্রস্তুতকারী টাম্পাকো ফয়েলস লিমিটেডে গত বছরের ১০ সেপ্টেম্বর সকালে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ ঘটনায় ৪১ জন নিহত হন। এদের মধ্যে কারখানার কর্মী ৩৫ জন, পথচারী চারজন, একজন রিকশাওয়ালা এবং কারখানার লাগোয়া বস্তিতে বসবাসকারী ১৪ বছরের এক কিশোর। আহত হন কমপক্ষে ৪০ জন।

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন ও দায় নিরূপণে শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং তিতাস গ্যাস পৃথক তদন্ত কমিটি গঠন করে। প্রত্যেক কমিটি প্রতিবেদন জমা দিলেও কেউ তা প্রকাশ করেনি।

গতকাল শনিবার টঙ্গীতে গিয়ে দেখা যায়, গত এক বছরে টাম্পাকোর ধ্বংসস্তূপ পুরোটাই সরানো হয়েছে। একদিকে নির্মাণ করা হয়েছে অস্থায়ী আনসার ক্যাম্প। সেটির বারান্দায় বসে ছিলেন কারখানার দুই ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও শফিকুর রহমান। তাঁরা জানান, তিন মাস আগেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়েছে। গত আগস্ট মাসে এসে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনও করে গেছেন। শিগগিরই ভবনে নির্মাণকাজ শুরু হবে।

ঘটনার এক দিন পর দুর্ঘটনায় নিহত হোসেন জুয়েলের (পাশের কারখানার কর্মচারী, ঘটনার সময় টাম্পাকোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন) বাবা আবদুল কাদের টাম্পাকোর চেয়ারম্যান সাংসদ সৈয়দ মকবুল হোসেন, তাঁর স্ত্রীসহ মোট আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ছয় দিন পর পুলিশ বাদী হয়ে মকবুল হোসেন, তাঁর স্ত্রীসহ মোট ১০ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা করে। তবে মামলা দুটোয় পুলিশ কখনোই কাউকে গ্রেপ্তার করেনি। নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে টাম্পাকোর কয়েকজন কর্মকর্তা কারাগারে গিয়েছিলেন। তবে তাঁরা সবাই এখন জামিনে রয়েছেন।

জানতে চাইলে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার গতকাল বলেন, পুলিশের তদন্তকাজ প্রায় শেষ। তদন্তে মালিকপক্ষের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি হয়েছে বলে তাঁরা প্রমাণ পেয়েছেন। পাঁচটি লাশের ডিএনএ টেস্টের ফল পেলেই তাঁরা অভিযোগপত্র দিয়ে দিতে পারবেন।

এক বছর আগে এই দিনে টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় চলা উদ্ধার অভিযান l ছবি: প্রথম আলো
এক বছর আগে এই দিনে টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় চলা উদ্ধার অভিযান l ছবি: প্রথম আলো

ওসির এই বক্তব্যের পর খোঁজ নিয়ে জানা যায়, মামলা দুটির তদন্ত গত এক বছরে খুব একটা এগোয়নি। প্রত্যেকটি মামলার তদন্তকারী কর্মকর্তাই তিনবার করে বদলি হয়েছেন। তাঁদের কেউই এই ঘটনার পর গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন সংগ্রহ করেননি। তা ছাড়া ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর এবং কারখানা অধিদপ্তরেরও কোনো বিশেষজ্ঞ মতামত নেননি তাঁরা।

দুটি মামলারই তদন্তের দায়িত্বে রয়েছেন টঙ্গী মডেল থানার পরিদর্শক (অভিযান) আলমগীর হোসেন। জানতে চাইলে তিনি বলেন, মাত্র দুদিন হলো তিনি তদন্তভার পেয়েছেন। এখনো ‘ডকেট’ (মামলার নথিপত্র) খুলে দেখেননি। আলমগীর হোসেনের আগে মামলার তদন্ত করেছিলেন উপপরিদর্শক (এসআই) নিজাম উদদিন। তিনি বলেন, নিহত সবার ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাননি। অপর মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই এম এ মজিদ বকুলও একই তথ্য জানান।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার সরকার ও কারখানার মালিকপক্ষ থেকে সর্বমোট ৪ লাখ ৫৬ হাজার টাকা সহায়তা পেয়েছেন। আহত ব্যক্তিরাও পেয়েছেন ৬০-৬৫ হাজার টাকা করে। কারখানা কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারের একজন করে প্রতিনিধিকে এবং আহতসহ কারখানায় আগে যাঁরা কর্মরত ছিলেন তাঁদের সবাইকে কারখানা চালু হওয়ার পরপরই কাজ দেওয়া হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন প্রতিষ্ঠানটির গাজীপুরের উপমহাপরিদর্শক ফরিদ আহমেদ। তিনি প্রথমআলোকে বলেন, গ্যাসের লিকেজের কারণেই বিস্ফোরণ হয়েছিল। কারখানার মালিক ও ম্যানেজমেন্টের গাফিলতি ছিল। গ্যাসের লিকেজ হয়েছে জানার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।