৪১ লাখ টাকাই স্বর্ণামতির জলে!

লালমনিরহাটের স্বর্ণামতি নদীর ওপরে ঝুঁকিপূর্ণ সেতুটি রক্ষার অজুহাতে পানি সরানোর জন্য সেতুর পাশ দিয়ে নির্মাণ করা বাইপাস সড়কটি কেটে দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর গত শনিবার সড়কটি কেটে দেয়। এতে পানির তোড়ে ভেসে যায় পুরো সড়কটিই। হুমকিতে পড়ে সড়কটির ওপর নির্মিত বেইলি ব্রিজও।
লালমনিরহাট সওজ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে স্বর্ণামতি নদীর ওপরকার স্বর্ণামতি সেতুটি ১৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে যানচলাচল করতে গিয়ে প্রায়ই সেটির পাটাতন ভেঙে যাওয়াসহ নানা সমস্যা তৈরি হতো। এতে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। কিন্তু সেতুটি নির্মাণে কোনো দরপত্র গ্রহণ না করেই সওজ বিভাগ পাশেই একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এই সড়কের ওপর একটি বেইলি সেতুও করা হয়। ৪১ লাখ টাকা ব্যয়ে বাইপাস সড়কটির নির্মাণের দায়িত্ব পায় কুষ্টিয়ার মঈন উদ্দিন বাশি এন্টারপ্রাইজ। চলতি বছরের ১৪ এপ্রিল লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) সাংসদ বর্তমান খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ওই সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। গত ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের আবেদনের পর সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
সূত্রটি আরও জানায়, কিন্তু হঠাৎ করে গত কয়েক দিনের প্রবল বর্ষণে স্বর্ণামতি নদীর পানি বেড়ে বাইপাস সড়কের ওপর দিয়ে তা প্রবাহিত হতে থাকে। এ অবস্থায় স্বর্ণামতি সেতুটি রক্ষায় বাইপাস সড়কটি কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত শনিবার বিকেলে লালমনিরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হকের উপস্থিতিতে সড়কটি কেটে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সড়কের বেশির ভাগ অংশ পানির তোড়ে বিলীন হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সওজ বিভাগ নিজেদের স্বার্থ হাসিলের জন্যই বাইপাস সড়কটি কেটে দেয়। দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ রেখে রাস্তাটি ফেলে রাখা হয়। আর এখন পানি বাড়ার অজুহাতে রাস্তা কেটে দেওয়া হলো। রাস্তা কেটে দিয়ে আবারও টাকা হাতিয়ে নেওয়ার অজুহাত তৈরি করতেই এত দিন কাজ ফেলে রাখা হয় বলে তাঁরা অভিযোগ করেন।
এলাকাবাসী বলেন, তা ছাড়া নদী থেকে মেশিনের সাহায্যে বালু তুলে বাইপাস সড়কটি নির্মাণ করায় এবার সেটির ভিতও হুমকিতে পড়ল। শুকনো মৌসুমে যদি রাস্তায় ঠিকমতো মাটি ফেলা হতো তাহলে কিছুই হতো না।
লালমনিরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ৭ থেকে ১৫ দিনের মধ্যেই পরিকল্পনা কমিশনের অনুমোদন সাপেক্ষে ১৮ কোটি টাকা বরাদ্দে স্বর্ণামতি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, সে লক্ষ্যেই বাইপাস সড়ক ও বেইলি ব্রিজটি নির্মাণে ঠিকাদার নিযুক্ত করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টিতে মূল সড়ক ও সেতুটি ঝুঁকিতে পড়ায় নির্মাণাধীন বাইপাস সড়কটি কেটে দেওয়া হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মঈন উদ্দিন বাশির মুঠোফোন নম্বর নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মনোয়ার হোসেনের মুঠোফোনের নম্বর দিয়ে তাঁর কাছ থেকে নম্বরটি সংগ্রহের পরামর্শ দেন। কিন্তু মনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে মঈন উদ্দিনের মতামত নেওয়া সম্ভব হয়নি।