৪১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪১ লাখ টাকার ৯৬০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল শনিবার বিকেলে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মশিয়ার রহমান জানান, সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রী শায়লা নাসরিনের ব্যাগ স্ক্যানিং করে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
শুল্ক কর্মকর্তারা জানান, এ ঘটনায় শায়লা নাসরিনের বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণালংকারের শুল্ককর আদায় করা হবে। এ ছাড়া বিধিভঙ্গের অপরাধে জরিমানা গুনতে হবে এই যাত্রীকে।
নিয়মানুযায়ী একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনতে পারেন। তবে একই রকমের অলংকার ১২টির বেশি আনা যাবে না।