৪১ শতাংশ বাসিন্দা পরিবেশ খারাপ হওয়ায় পার্কে যান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ খারাপ হওয়ায় রাজধানীর ৪১ শতাংশ বাসিন্দা পার্ক বা খেলার মাঠে যান না। নিরাপত্তার অভাবে এবং অপরিচ্ছন্নতার কারণেও অনেকে এসব জায়গায় যান না। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

পরিবেশবাদীরা বলছেন, রাজধানীতে প্রয়োজনের তুলনায় খোলা সবুজ জায়গা খুবই কম। বিদ্যমান পার্ক ও খেলার মাঠগুলোর উন্নয়নের এখনো সুযোগ রয়েছে। সবার আগে এগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। আর এগুলোর উন্নয়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।

রাজধানীর চারটি খেলার মাঠ, পাঁচটি এলাকাভিত্তিক পার্ক ও তিনটি নগর পার্কের সুযোগ-সুবিধা, এগুলো কী কী কাজে ব্যবহৃত হয়, লোকজন কেন এগুলো ব্যবহার করেন না, ইত্যাদি নানান বিষয়ে ডব্লিউবিবি ট্রাস্ট জরিপটি পরিচালনা করে। ২০১৬ সালের অক্টোবরে জরিপ ফলাফল নিয়ে ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ’ শীর্ষক একটি প্রকাশনা বের করা হয়।

যেসব পার্ক ও খেলার মাঠে জরিপ পরিচালিত হয় সেগুলো হলো বাংলাদেশ মাঠ, বাসাবো মাঠ, ধানমন্ডির বৈশাখী খেলার মাঠ, মিরপুর মাজার রোড মাঠ এবং শ্যামলী পার্ক, উত্তরা ৭ নম্বর সেক্টর পার্ক, গুলশানের ফজলে রাব্বি পার্ক, ফার্মগেট পার্ক, গুলশান সোসাইটি পার্ক, রমনা পার্ক, ওসমানী উদ্যান পার্ক ও ধানমন্ডি লেক পার্ক।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ১৯৯৫ সালে মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) অনুযায়ী সে সময় মাথাপিছু সবুজ পরিসরের পরিমাণ ছিল শূন্য দশমিক ৫ বর্গমিটার। ২০০৯ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পর্যালোচনায় দেখা যায়, ঢাকায় মাথাপিছু সবুজ পরিসরের পরিমাণ মাত্র শূন্য দশমিক ০৫২ বর্গমিটার। পার্ক ও গণপরিসরের অপর্যাপ্ততা ঢাকার একটি বড় সমস্যা।

জরিপকারীরা ৩৭৪ জন বিভিন্ন বয়সী নাগরিকের কাছে নিকটবর্তী পার্ক বা খেলার মাঠে যান কি না, সে বিষয়ে জানতে চান। উত্তরদাতাদের ৪১ শতাংশ পার্ক ও মাঠে না যাওয়ার অন্যতম কারণ হিসেবে সেখানকার পরিবেশ খারাপের কথা বলেন। নিরাপত্তার অভাবে পার্কে যান না ৩৫ শতাংশ উত্তরদাতা। ৩৪ শতাংশ মনে করেন, পার্ক ও খেলার মাঠগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই।

জরিপে দেখা যায়, এই ১২টি পার্ক ও খেলার মাঠের প্রতিটিতেই পরিচ্ছন্নতার অভাব রয়েছে। আবর্জনার পাত্র থেকে ময়লা উপচে পড়ছে, কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ আবর্জনাও দেখতে পান জরিপকারীরা। এগুলোর মধ্যে পাঁচটিতে শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এর তিনটিতে শৌচাগার ব্যবহার করতে টাকা দিতে হয়।

গত বৃহস্পতিবার ফার্মগেট পার্ক, গুলশান সোসাইটি পার্ক ও মিরপুর মাজার রোড মাঠ সরেজমিনে ঘুরে দেখা যায়, ফার্মগেট পার্কে ভবঘুরেদের আনাগোনা বেশি। নেই আলোর ব্যবস্থা। মাজার রোড মাঠে আলোর ব্যবস্থা নেই। এর মধ্যে গুলশান সোসাইটি পার্কের অবস্থা তুলনামূলক বেশ ভালো। সেখানে শৌচাগারের ব্যবস্থা আছে। বসার ব্যবস্থা ভালো।

ফার্মগেট পার্কে ঘুরতে আসা হাসিবুল্লা হাসিব প্রথম আলোকে বলেন, পার্ক ভরা ময়লা-আবর্জনায়। কোনো দিন কেউ ঝাড়ু দেয় বলে মনে হয় না। আর পরিবার নিয়ে ঘুরতে আসার মতো পরিবেশ এই পার্কে নেই। ঢাকার এসব পার্ক বেড়াতে আসা ব্যক্তিদের ভালো জায়গা হতে পারে।

ডব্লিউবিবি ট্রাস্টের ওই জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন, পার্কের আসবাব, ল্যান্ডস্কেপিং, রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাউনি, গাছের ছায়া, খেলার জায়গা, সহজ প্রবেশগম্যতা, হাঁটার জায়গা এবং বাতির ব্যবস্থা থাকলে লোকজন পার্কে বেশি বেশি আসবে এবং বেশি সময় অবস্থান করবে।

জরিপের সুপারিশে বলা হয়, ঢাকার পার্ক ও খেলার মাঠগুলো উন্নয়নের সুযোগ রয়েছে। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। পার্ক ও মাঠগুলোর উন্নয়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা, পয়োনিষ্কাশন এবং নিরাপত্তার ব্যবস্থা করা, যথেষ্ট আসবাব ও ছাউনির ব্যবস্থা করাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।

এ বিষয়ে ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, বাসার কাছাকাছি ছিমছাম, সুন্দর পার্ক হলে এলাকাবাসী সময় কাটাতে সেখানে বেশি বেশি যাবেন। জরুরি ভিত্তিতে পার্ক ও মাঠগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা দরকার। সব বয়সীরা যাতে এগুলো ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করতে হবে।