৪১ শতাংশ শিশু খর্বাকৃতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমভেদে বয়সের তুলনায় ওজন ও উচ্চতা কম এমন শিশুর সংখ্যা ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। আর ৪১ শতাংশ শিশু এখনো খর্বাকৃতির। তবে মৃত্যুহার কমেছে, বেড়েছে সরকারি হাসপাতালে সেবাপ্রাপ্তি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পাঁচ বছর মেয়াদি (২০১১-২০১৬) স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে উন্নয়ন কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা প্রতিবেদনে (খসড়া) এ তথ্য দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশ করা হবে আগামী ৮ অক্টোবর। কর্মসূচির মূল্যায়ন করেছে একটি নিরপেক্ষ পরামর্শক দল। দলের নেতৃত্ব দিয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ূন কবীর ও ডেভিড ড্যানিয়েলস।
গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, পুষ্টি খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে যে পরিস্থিতিকে জরুরি হিসেবে বিবেচনা করা হয়, তা বর্তমানে দেশে বিরাজ করছে। কারণ, বয়সের তুলনায় ওজন ও উচ্চতা কম এমন রুগ্ণ শিশুর সংখ্যা বাড়ছে। খর্বাকৃতির শিশুর সংখ্যা যে হারে কমছিল, সে হারে আর কমছে না।
ডেভিড ড্যানিয়েলস বলেন, ধনী দেশগুলো স্বাস্থ্য খাতে ব্যয় করতে আর আগ্রহী নয়। বাংলাদেশকেও সম্পদ কোথায় কীভাবে ব্যয় হবে, সে বিষয়ে মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, পরিকল্পনা বিভাগের যুগ্ম প্রধান, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৩৬ শতাংশ শিশুর ওজন কম। ৩৫ শতাংশ নারীর ওজন বেশি। তাই দেশটিকে কম ওজনের শিশু ও নারীদের স্থূলতা সমস্যার বোঝা নিয়ে এগোতে হতে পারে। স্থূলতার কারণে ডায়াবেটিস-২ বাড়তে পারে।
শহরাঞ্চলের স্বাস্থ্যসেবার বিষয়ে প্রতিবেদনে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। পরামর্শকেরা বলেছেন, শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে সেবা দেয়। এই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো দুর্বল। শহরে প্রচুর বেসরকারি ক্লিনিক আছে। ক্লিনিকে দরিদ্ররা ঢুকতে পারেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে যৌথভাবে শহরাঞ্চলের স্বাস্থ্যসেবা মূল্যায়নে নিয়মিত কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরামর্শকেরা বাংলাদেশকে অসংক্রামক ব্যাধি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন। তাঁরা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। কিন্তু বিভিন্ন অঞ্চলে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে অনাগ্রহ, নবজাতকদের মৃত্যুহার এখনো উদ্বেগের বিষয়।