৪১টি ওয়ার্ডে নারী প্রার্থী শুধু একজন ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু তিনি কেবল নারীর সঙ্গে লড়াই করে জয়ী হতে চান না। তাই প্রার্থী হয়েছেন সাধারণ কাউন্সিলর পদে। তাঁর প্রতিদ্বন্দ্বী আটজন পুরুষ প্রার্থী। জানালেন, নারী অধিকার আদায়ে লড়াই করতে তিনি সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে একমাত্র এই নারী প্রার্থী—বেগম ফাতেমা বাদশা। করপোরেশনের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনিই একমাত্র নারী প্রার্থী। তাই ২৫৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ভিড়ে তাঁর নামটি আলো ছড়াচ্ছে অন্যরকমভাবে। ফাতেমা বলেন, ‘নারী-পুরুষের সমান অধিকার কেবল মুখের বুলি নয়। তাই সমাজে নারীর অধিকার আদায়ে লড়াই করতে চান। তাই নারীদের জন্য বেঁধে দেওয়া সংরক্ষিত আসনে নয়, মূল স্রোতে প্রতিদ্বন্দ্বিতা করতেই সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। সংরক্ষিত নারী কাউন্সিলর কেবল আলঙ্করিক পদ। বরং সাধারণ পদে জয়ী হয়ে অনেক বেশি ভূমিকা রাখা সম্ভব।’নিজ ঘরেও নারী অধিকার বিষয়ে সচেতন ফাতেমা। তাঁর দুই মেয়ে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের সদস্য। অন্য দুই মেয়ে শুটার, মেট্রোপলিটন শুটিং ক্লাবের সদস্য। তাঁরাও নেমেছেন মায়ের প্রচারণায়। বড় মেয়ে জাহানারা আকতার বলেন, ‘ছোটবেলা থেকেই মাকে মানুষের বিপদে-আপদে এগিয়ে আসতে দেখেছি। প্রচারণার সময়ও অনেকে স্বীকার করেন সে কথা।’ ফাতেমা মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী। তাঁকে নিজ দলের দুজন, আওয়ামী লীগের চারজন, জামায়াত ও জাতীয় পার্টির একজন করে প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।মায়ের এ প্রতিদ্বন্দ্বিতাকে ছেলে হাসান মাহমুদ দেখছেন অন্যভাবে। তিনি বলেন, ‘মা কেবল আটজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। মনে হচ্ছে, মা ৪১টি ওয়ার্ডের ২৫২ জন পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’