নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত বিচারের লক্ষ্যে শিগগির আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংসদ বেগম হোসনে আরা লুৎফার প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ৩১ মার্চ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন ছিল।
আইনমন্ত্রী বলেন, পুরোনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেক আদালত সাক্ষীর সমন জারি নিশ্চিত করে সাক্ষীদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সলিসিটরের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। বিচারকের শূন্য পদ পূরণ এবং আরও বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মো. মামুনুর রশীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে জাতীয় আইনি সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সরকারি খরচে ৫৭ হাজার ৮৯ জন সহযোগিতা পেয়েছেন। এই অর্থবছরে মোট তহবিলের ৯৮ দশমিক ২১ শতাংশ খরচ হয়েছে।
মাংস উৎপাদন বেড়েছে
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেন, বর্তমানে দেশের ৪২ শতাংশ গবাদিপশু সংকর জাতে রূপান্তরিত হয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এসবের ফলে দুধ ও মাংস উৎপাদন বেড়েছে।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে ছায়েদুল হক বলেন, চলতি অর্থবছরে গত এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশে প্রায় ৩ হাজার ৪৪৮ কোটি টাকার মাছ রপ্তানি করা হয়েছে। পাশাপাশি একই সময়ে প্রায় ৩৩৮ কোটি টাকার মাছ আমদানি করা হয়।