৪১০ কিলোমিটার সড়কে ছয় হাজার খোঁড়াখুঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে গ্যাস-সংযোগের জন্য কাটা সড়ক বছর পার হলেও সংস্কার করা হচ্ছে না। নগরের ৪১০ কিলোমিটার সড়কের প্রায় ছয় হাজার জায়গায় এই খোঁড়াখুঁড়ি করা রয়েছে। খোঁড়া সড়কে শুধু ডিব্লউবিএম কার্পেটিং (ওয়াটার বন্ড ম্যাকাডাম) করা হয়েছে। কার্পেটিং করা হয়নি। এতে অনেক জায়গায় সড়ক ভেঙে যাচ্ছে।
এখন থেকে চার বছর আগে বিতরণ লাইন বসানোর জন্য যে সড়ক খোঁড়া হয়েছিল, সেগুলোও সব জায়গায় সংস্কার করা হয়নি। সব বিল সিটি করপোরেশনকে পরিশোধ করা হয়েছে। অভিযোগ উঠেছে, গ্রাহকের দেওয়া সড়ক খোঁড়ার ক্ষতিপূরণের টাকা সিটি করপোরেশনের তহবিলে ঠিকমতো জমা পড়ে না।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি. (পিজিসিএল) থেকে জানা গেছে, কোনো বাসায় গ্যাস-সংযোগের আগেই সিটি করপোরেশন থেকে লাইন বসানোর জন্য সড়ক কাটার অনুমতি নিতে হয়। সড়ক খোঁড়ার জন্য ক্ষতিপূরণ হিসেবে অনুমতি দেওয়ার সময়ই সিটি করপোরেশন গ্রাহকের কাছ থেকে সড়ক ভেদে নির্ধারিত টাকা নিয়ে থাকে। নিয়ম অনুযায়ী, পাকা সড়কের জন্য প্রতি বর্গমিটারে তিন হাজার ১৯০ টাকা, ইটবাঁধা রাস্তার জন্য ৯৯০ টাকা ও কাঁচা রাস্তার জন্য ৯৭ টাকা করে ক্ষতিপূরণ নেওয়া হয়।
গত বছর জুন মাসের শুরু থেকে রাজশাহী নগরে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি বাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। গত অর্থবছর পর্যন্ত ছয় হাজার গ্রাহকের বাসায় রাইজার উত্তোলন করার জন্য বাজেটে বরাদ্দ ছিল। সেই পরিমাণ সংযোগের জন্য নগরের সড়কের প্রায় ছয় হাজার জায়গায় খোড়া হয়েছে। এসব সড়ক আর সংস্কার করা হয়নি। অল্প কিছু স্থানে সড়ক সংস্কার করা হলেও তা খুব নিম্নমানের করা হয়েছে। আর বেশির ভাগ জায়গায় কাটা সড়কের মধ্যে আবর্জনা দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। খোদ নগর ভবনের সামনেই গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ২০১২ সালের ৩০ জানুয়ারির মধ্যেই পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নগরে ২৭১ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে। এর মধ্যে আট ইঞ্চি পাইপ বসানো হয়েছে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এবং এক থেকে ছয় ইঞ্চি পাইপ বসানো হয়েছে বাকি এলাকায়। এ কাজে তাদের ব্যয় হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা। এ কাজের জন্য যে সড়ক খোঁড়া হয়েছিল, তা গ্যাস বিতরণ কোম্পানি ও সিটি করপোরেশনের যৌথভাবে সংস্কার করার কথা।
একজন গ্রাহকের টাকা জমা দেওয়ার কগজপত্রের সূত্র ধরে খুঁজতে গিয়ে দেখা গেছে, গত ৪ মার্চ নগরের বালিয়াপুকুর এলাকার গ্রাহক রোকেয়া বেগম রাস্তা কাটার ক্ষতিপূরণ হিসেবে সিটি করপোরেশনের রশিদের মাধ্যমে নগদ দুই হাজার ৫৮৩ টাকা ৯০ পয়সা জমা দেন। অগ্রণী ব্যাংকের সিটি করপোরেশন শাখায় এই খাতে তাঁর নামে জমা পড়েছে মাত্র ৮৪ টাকা।
পিজিসিএলের রাজশাহীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তোফায়েল আহম্মেদ বলেন, সংযোগ দেওয়ার আগেই সড়ক কাটার অনুমতি নেওয়া হয়। এ জন্য গ্রাহকের কাছ থেকে আগেই সড়ক খোঁড়ার জন্য ক্ষতিপূরণের টাকা সিটি করপোরেশন জমা নিয়ে নেয়। তাই সড়ক মেরামতের ব্যাপারে পিজিসিএলের কোনো ভূমিকা নেই।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, খোঁড়া সড়কের কাজগুলো একবারে করার জন্য তাঁরা রেখেছেন। তা ছাড়া কাটা সড়কে ডিব্লউবিএম করার পরে অপেক্ষা করতে হয়। তাহলে পরে কার্পেটিং করা হলে তা ভাঙার ভয় থাকে না। আর ক্ষতিপূরণের টাকা সিটি করপোরেশনের তহবিলে ঠিকমতো জমা না হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক নয়। যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।