৪১২ শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ে ৬ আগস্ট দ্বিতীয় সাময়িক পরীক্ষা। ভাঙনের কবলে পড়া রাজাপুর সরকারি বিদ্যালয়ের ৪১২ জন ছাত্রছাত্রী কীভাবে পরীক্ষা দেবে, তা নিয়ে চিন্তিত অভিভাবকেরা। পরীক্ষায় বসার ঘর, আসবাব কিছুই নেই।
ভোলা সদর উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয় নতুন কোনো ঘর নির্মাণ না করে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দুটি ভেঙে নিরাপদে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন প্রতিরোধ করে ভবনটি রক্ষা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে বিদ্যালয়ের আসবাব সরিয়ে নিতে দেখা যায়।
ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন বলেন, ‘রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দুটি পাউবো ভাঙন প্রতিরোধ করে রক্ষা করতে পারবে না বলায় নিলাম ডাকা হয়েছে। নিলামে কোটি টাকার দুটি ভবন মাত্র ৫৫ হাজার টাকা দর ওঠে। তাই ভবনটি ভেঙে নিরাপদে রাখা হচ্ছে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, বিদ্যালয়টি রক্ষা করতে গেলে মেঘনাতীরের ৫০০ মিটারে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলতে হবে। এতে চার কোটি টাকা খরচ হবে। যেটি পাউবোর পক্ষে খরচ করা সম্ভব না।
অভিভাবক কিরণ রাঢ়ি, চুন্নু শেখ, ফজলু মাঝি, লোকমান মিস্ত্রি, মাহবুব চৌকিদার, ইমাম হোসেন, ধলু জমাদ্দারসহ ৫০ জন বলেন, ভবন ভেঙে দিলে তাঁদের সন্তানেরা কীভাবে পরীক্ষা দেবে, ভবিষ্যতে কোথায় পড়বে—এ নিয়ে তাঁরা চিন্তিত। ৬ আগস্ট পরীক্ষা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো আশপাশে কোনো বিদ্যালয়ের জন্য ঘর নির্মাণ করা হয়নি। সবাই ভবন ও বিদ্যালয়ের গাছপালা লোপাটের ধান্দায় আছে। আদৌ বিদ্যালয়টি চলবে কি না, সে সিদ্ধান্ত না হওয়ায় তাঁরা তাঁদের সন্তানের লেখাপড়া নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন।
বিদ্যালয়ের সভাপতি তাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ছাত্ররা কোথায় কীভাবে পরীক্ষা দেবে, তা তাঁদের গতকাল সোমবার পর্যন্ত জানানো হয়নি। নতুন বিদ্যালয় নির্মাণের জন্য জমি ক্রয় বা অস্থায়ী কোনো ঘরও নির্মাণ করা হয়নি। তবে বিদ্যালয়ের আসবাব পাঁচ কিলোমিটার দূরে গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হচ্ছে। সেখানে যেতে ১০ কিলোমিটার ঘুরতে হয়। সরাসরি যাওয়ার পথটি মেঘনায় ভেঙে গেছে বলে তিনি জানান।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে জান্নাত বলেন, তাঁর বিদ্যালয়ে ৫৫ জন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী। চতুর্থ শ্রেণিতে ৭০ জন, তৃতীয় শ্রেণিতে ৭০ জন, দ্বিতীয় শ্রেণিতে ৬৫ জন, প্রথম শ্রেণিতে ৭০ জন, প্রাক্ প্রাথমিকসহ ৪১২ জন ছাত্রছাত্রী।
এসব শিক্ষার্থীর ৬ আগস্ট দ্বিতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষা ও পরবর্তী সময়ে কোথায় ক্লাস হবে, সে বিষয়ে শিক্ষা অফিস থেকে কিছুই জানানো হয়নি। তবে তাঁরা শিক্ষা কর্মকর্তার কাছে গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মৌলভীরহাট মাদ্রাসায় পরীক্ষার অনুমতি চেয়েছেন। যদিও যাওয়ার পথ দুর্গম।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ভোলা-ইলিশা সড়কের পাশে গাজীপুর বিদ্যালয়ে ছাত্রদের পরীক্ষা নেব সিদ্ধান্ত নিচ্ছি। আর নতুন একটি বিদ্যালয় ভবন নির্মাণেরও চেষ্টা করছি। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে।’