৪২ কিলোমিটারে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহ পর ঈদ। দুই-এক দিন বাদেই রাস্তায় নামবে ঘরমুখী মানুষের মূল স্রোত। এরই মধ্যে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। গতকাল বেলা ১১টায় মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজার সামনে এই চিত্র l মনিরুজ্জামান
এক সপ্তাহ পর ঈদ। দুই-এক দিন বাদেই রাস্তায় নামবে ঘরমুখী মানুষের মূল স্রোত। এরই মধ্যে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। গতকাল বেলা ১১টায় মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজার সামনে এই চিত্র l মনিরুজ্জামান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ও মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ৪২ কিলোমিটারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে শুরু হওয়া এই যানজটের কারণে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ভোগান্তি পোহায় হাজারো যাত্রী।

মহাসড়কটির পূর্ব পাশে চট্টগ্রামগামী দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে রায়পুর পর্যন্ত ১৩ কিলোমিটার এবং পশ্চিম পাশে ঢাকাগামী গজারিয়া অংশে মদনপুর পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

ঢাকা-চট্টগ্রাম দেশের ব্যস্ততম মহাসড়ক। এ সড়ক ধরে যাত্রীবাহী বাসসহ প্রচুর পণ্যবাহী যান চলাচল করে। ঈদযাত্রার আগেই সড়কটিতে যানজটের এই ব্যাপকতায় দুর্ভোগের আশঙ্কা প্রকাশ করেছে যাত্রীরা। এ অবস্থায় গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোনারগাঁ ও দাউদকান্দি পরিদর্শন করেন।

যানবাহনের চালক, যাত্রী ও মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১২টার মধ্যে মেঘনা সেতুর ওপর চারটি মালবাহী ট্রাক বিকল হয়। এগুলো সরিয়ে নেওয়ার সময় যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরদিন সকালে যানবাহনের চাপ বেড়ে গেলে তা তীব্র আকার ধারণ করে। রাতে তা রায়পুর পর্যন্ত ১৩ কিলোমিটার এবং মদনপুর পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে। গত রাত পর্যন্ত তা অব্যাহত ছিল।

পরিবহনশ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহন বিকল ছাড়াও টোল ও ওজন মাপার স্টেশনে ধীরগতির কারণে আগে থেকেই মেঘনা-গোমতী সেতুতে যানজট হয়। পরিবহন মালিক-শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই ওজন নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করে আসছেন। গতকাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথাতেও অভিযোগের ইঙ্গিত মেলে। তিনি বলেন, এবারের রমজানের ঈদে কোনো সমস্যা হয়নি। এখানে ঝামেলা আছে। মধ্যরাতের কারসাজি, অনেক সময় রাস্তার ওপর গাড়ি থামিয়ে টাকাপয়সা আদায়ের জন্য একটা ঝামেলা পাকানো হয়। এগুলো বন্ধ করতে হবে। হাইওয়ে পুলিশ ও সিএনএস কোম্পানির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্দেশনা মেনে চলে। না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সকাল সাড়ে আটটার দিকে
গৌরীপুরে গিয়ে যানবাহনের চালকদের কয়েক ঘণ্টা আটকে থেকে গাড়িতেই ঘুমিয়ে থাকতে দেখা যায়। এ সময় অনেক চালককে সরকার-নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস নেওয়ার জন্য কাঁধে করে ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সড়ক-বিভাজক পার হতে দেখা যায়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের চালক জুয়েল মিয়া বলেন, রাত ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে সাড়ে পাঁচ ঘণ্টায় তাঁর ঢাকায় পৌঁছার কথা থাকলেও রায়পুরে এসে যানজটে আটকা পড়েন। সকাল আটটায়ও তিনি গৌরীপুর পার হতে পারেননি।

চট্টগ্রামগামী মালবাহী পিকআপ ভ্যানের চালক তোতা মিয়া বলেন, ঢাকা থেকে রওনা দিয়ে ৫৩ কিলোমিটার পথ আসতে তাঁদের ১২ ঘণ্টা লেগেছে। এই পথ আসতে তাঁদের এক ঘণ্টা লাগার কথা।

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের তামান্না আক্তার বলেন, তিনি ঢাকায় একটি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দুপুর ১২টার মধ্যে সেখানে পৌঁছাতে না পারলে ভর্তি হওয়া যাবে না। তাই এখন হেঁটেই চলেছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুর রহমান মজুমদার বলেন, হাইওয়ে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সড়কমন্ত্রীর পরিদর্শন

গতকাল বেলা দুইটার দিকে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় যানজট পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সেখানে গিয়ে যানজটের কারণ এবং টোল প্লাজার লোকজন ঠিকমতো কাজ করছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি যানজট নিরসনে আজ শুক্রবার সকাল থেকে মেঘনা সেতু এবং শনিবার সকাল থেকে মেঘনা-গোমতী সেতুর চারটি কাউন্টার দিয়ে বাসসহ গণপরিবহন এবং অপর চারটি কাউন্টার দিয়ে ট্রাক-কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন চলাচল করার জন্য টোল প্লাজা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আমাদের সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, দাউদকান্দি যাওয়ার পথে বেলা একটার দিকে ওবায়দুল কাদের মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজা পরিদর্শন করেন। সেখানে তিনি ঈদে ঘরমুখী মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, গেল ঈদে মহাসড়কে তেমন যানজট ছিল না। এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যেকোনো মূল্যে মহাসড়ক সচল রাখা হবে।

ওবায়দুল কাদের বলেন, বন্যা ও ভারী বর্ষণের কারণে দেশের কমপক্ষে ৩০টি স্থানে রাস্তায় ৫০০ থেকে ১ হাজার মিটার আবার কোথাও ১ কিলোমিটার পর্যন্ত রাস্তা ভাঙাচোরা আছে। এই মুহূর্তে দেশের বন্যার কারণে ৫০টির বেশি সড়ক পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থায় ঈদযাত্রার প্রস্তুতি নিতে কিছুটা বিঘ্ন হচ্ছে। তবে এগুলো দ্রুত মেরামত করে রাস্তা সচল করার চেষ্টা চলছে।