দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কশপ আধুনিকায়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে শেড ও মেঝে নির্মাণ প্রকল্পের ৪২ কোটি টাকা জলে গেছে বলে অভিযোগ উঠেছে।
কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি কারখানার ওয়ার্কশপ আধুনিকায়ন প্রকল্পের ১৫৬ কোটি টাকার উন্নয়নকাজ শুরু হয়। কাজ এখনো চলছে। তবে এর মধ্যে শেড ও মেঝে নির্মাণের ৪২ কোটি টাকার কাজ পায় ঢাকার তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ওই কাজ সম্পন্ন করে।
কিন্তু অভিযোগ উঠেছে ঠিকাদাির প্রতিষ্ঠান দরপত্র অনুযায়ী কাজ না করায় শেডের টিনে ইতিমধ্যে মরচে ধরেছে এবং নষ্ট হয়ে ফুটা হয়ে গেছে। মেঝেতে অসংখ্য ফাটল ধরেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী অভিযোগ করেন, শেড নির্মাণে জিংক অ্যালুমিনিয়ামের টিন ব্যবহারের কথা উল্লেখ করা ছিল। কিন্তু ঠিকাদার তা না করে নিম্নমানের সাধারণ টিন (এমএস সিট) ব্যবহার করেছেন। এ কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে।
এ প্রসঙ্গে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাইট প্রকৌশলী কাজী মো. শামসুল হক বলেন, ‘দরপত্রের বাইরে কোনো কাজ হয়নি। তবে এখনো আমাদের দায়িত্ব শেষ হয়নি। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব তদারকি চলবে। এর মধ্যে নির্মাণকাজে কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করে দেওয়া হবে।’ তমা কনস্ট্রাকশন ইতিমধ্যে তাদের কাজের বিপরীতে ৪২ কোটি টাকার মধ্যে ৪১ কোটি টাকার বিল তুলেছে বলে তিনি জানান।
আধুনিকায়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, বৃষ্টি হলেই কারখানার শেডের ছাদ চুইয়ে অঝোরে পানি পড়ে। অব্যাহতভাবে বৃষ্টির পানি পড়ায় মূল্যবান মেশিন মরচে ধরে নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিকদের মাথায় বৃষ্টির পানি পড়ছে। পানির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা থাকায় অনেকে কাজ করতে পারছেন না। এতে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে রেলওয়ে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিষয়টি গত মঙ্গলবার ওয়ার্কশপ আধুনিকায়ন প্রকল্পের পরিচালককে জানানো হয়েছে। এর আগে ২২ জুন আরেকবার লিখিতভাবে জানানো হয়।
প্রকল্প পরিচালক (পিডি) হারুন-অর রশিদ ছাদ বেয়ে পানি পড়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ বলেন, ঠিকাদারের কাজের মান ভালো নয় বলেই তো বৃষ্টির পানি পড়ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত সোমবার সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, কারখানার ২২টি শপের (উপকারখানা) প্রতিটির নতুন শেডের টিনগুলো ফুটো হয়ে আছে। ওই ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে নিচে কারখানার মেঝেতে জমে গেছে। কোথাও কোথাও মেশিনের ওপর সরাসরি পানি পড়ছে। শ্রমিকেরা কাজ বন্ধ করে নিরাপদ জায়গায় জড়ো হয়ে খোশগল্প করছেন আর এদিক-সেদিক ঘুরছেন। আর মেঝের অনেক জায়গায় বড় বড় ফাটল ধরেছে।
শ্রমিকেরা জানান, ভরা বর্ষা মৌসুমে অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে। আর দিনে কমপক্ষে চার-পাঁচ ঘণ্টা কাজ বন্ধ থাকছে।
কারখানার ক্যারেজ শপে (উপকারখানা) ওয়েল্ডার রফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সারা দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি পড়ায় বিদ্যুতের তার ভিজে সবকিছু বিদ্যুতায়িত হয়ে গেছে। তাই ওয়েল্ডিং (ঢালাই) কাজ বন্ধ রাখতে হচ্ছে।
এ ব্যাপারে কারখানার উৎপাদন মেশিনশপের (পিএমএম) মেশিনিস্ট আবদুল খালেক বলেন, ‘কাজ করতে গিয়ে আমি বৈদ্যুতিক শক খেয়েছি। বৃষ্টির কারণে ছাদের পানি বৈদ্যুতিক সুইচে পড়ে পুরো শপ বিদ্যুতায়িত হয়ে পড়ছে। ফলে কাজের পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’