রেললাইন উপড়ে ফেলায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী ট্রেনের উদ্ধারকাজ শেষ না হওয়ায় প্রায় ৪২ ঘণ্টা ধরে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতালে গত মঙ্গলবার দিবাগত রাতে লালমনিরহাট-বুড়িমারী রুটের তুষভান্ডার-কাকিনা স্টেশনের মাঝে একটি স্থান থেকে ১২৬ ফুট রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। রাত আড়াইটার দিকে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী কমিউটার ৭২ নম্বর ডাউন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত প্রায় ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও ইঞ্জিনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল রাত আটটার দিকে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, উদ্ধার কাজে কমপক্ষে আরও পাঁচ ঘণ্টা লাগতে পারে।