৪২ জন নিহতের মামলায় ৩ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ
২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে সহিংসতায় ৪২ জন নিহতের ঘটনায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আগামী ৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গুলশান থানা-পুলিশ আদালতে এ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম মারুফ হোসেন আজ রোববার এ আদেশ দেন। এর আগে আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য তিন আসামি হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে থেকে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং পরে দফায় দফায় হরতালের আহ্বান করেন। ওই কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সহিংসতা চলাকালে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন।
এসব ঘটনায় গত বছরের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এই চারজনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।