৪২ জায়গায় পানি পান করাবে জাতীয় পার্টি
লংমার্চে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের খাওয়ার পানি সরবরাহের জন্য ঢাকার প্রবেশমুখসহ রাজধানীর ৪২টি জায়গায় শিবির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল শুক্রবার জাপার বনানীর কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়ার প্রস্তুতিকল্পে ডাকা এ সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিভিন্ন উপজেলা কমিটিকেও পানি খাওয়াতে শিবির স্থাপনের নির্দেশ দেন। একই সঙ্গে এই লংমার্চে বাধা না দিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।জাপার ঢাকা মহানগর (উত্তর) শাখার সভাপতি এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমেদ। সভায় লংমার্চ কর্মসূচিকে সমর্থন দেওয়ায় জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানানো হয়।সভায় আরও উপস্থিত ছিলেন জাপার নেতা সৈয়দ আবু হোসেন, তাজুল ইসলাম চৌধুরী, লিয়াকত হোসেন, বাহাউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ।