৪২ দিন বাড়তি সাজা খাটতে হলো মঞ্জুরকে
মাদক মামলায় চট্টগ্রামের লালখান বাজারের বাসিন্দা মো. মঞ্জুকে দুই বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত। রায়ে সাজার মেয়াদ থেকে আসামির হাজতবাস বাদ দেওয়ার আদেশ দেন বিচারক। কিন্তু মোট সাজার মেয়াদ ৭৬০ দিন হলেও মঞ্জু কারাগারে ছিলেন ৮০২ দিন। কারা কর্তৃপক্ষের গাফিলতিতে মঞ্জুকে বাড়তি ৪২ দিন সাজা খাটতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঞ্জুর আইনজীবী কাজী সানোয়ার আহমেদ জানান, ২০০৫ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত চার দফায় ৮০২ দিন কারাগারে ছিলেন মঞ্জু। অথচ তাঁর সাজার মেয়াদ ছিল ৭৬০ দিন।
মেয়াদ শেষ হওয়ার পরও কেন বাড়তি সাজা খাটতে হলো মঞ্জুকে, এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘কারাগারে বন্দীদের আগমন ও মুক্তির তথ্য হাতে লেখা রেজিস্ট্রারে সংরক্ষণ করা হয়। হাজারো বন্দী রয়েছে। রায় ঘোষণার আগে গ্রেপ্তার হয়ে কারাবাস করলেও মঞ্জু বিষয়টি কখনো কারা কর্তৃপক্ষকে জানাননি। আইনজীবীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে কারা রেজিস্ট্রার যাচাই-বাছাই করে দ্রুত তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।’
তবে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, একটি দিনও কারও বাড়তি সাজা খাটা উচিত না। বন্দী মঞ্জু তাঁর বাড়তি সাজা খাটার বিষয়টি কারা কর্তৃপক্ষকে না বললেও তাঁদের উচিত ছিল তাঁকে দ্রুত মুক্তি দেওয়া। কারা কর্তৃপক্ষের গাফিলতির কারণে অমানবিক ঘটনাটি ঘটেছে। কারাগারে বন্দীদের যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ওপরও গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকারি কৌঁসুলি।
মো. মঞ্জুর আইনজীবী কাজী সানোয়ার আহমেদ জানান, ২০০৫ সালের ৫ মার্চ মদসহ গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে মঞ্জুকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। ৪৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। ২০০৬ সালের ১৯ মে জামিন বাতিল করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৩ আগস্ট পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ১১৫ দিন কারাভোগ করে ওই বছরের ২৮ নভেম্বর জামিনে মুক্তি পান মঞ্জু। এরপর ২০০৭ সালের ৭ মার্চ আবারও তাঁর জামিন বাতিল করেন আদালত। ওই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ৬০৭ দিন কারাগারে থাকার পর ২০০৯ সালের ৬ মে জামিনে মুক্তি পান মঞ্জু।
আইনজীবী জানান, ২০১৩ সালের ২৫ আগস্ট চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওয়ালিউল ইসলাম মামলার রায় ঘোষণার করেন আসামি মঞ্জু পলাতক থাকাবস্থায়। এই সাজা পরোয়ানায় এ বছরের ১০ জুন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
মঞ্জুর স্ত্রী আয়শা আক্তার জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী। বাড়তি ৪২ দিন সাজা ভোগ না করে তিনি (স্বামী) যদি সময়মতো ঘরে ফিরতেন, তাহলে তাঁদের কষ্ট কিছুটা হলেও কমতো। তিনি জানান, মঞ্জু মাংসের দোকানের কর্মচারী। তাঁদের দুই সন্তান।
বাড়তি সাজা খাটার বিষয়ে মো. মঞ্জু বলেন, ‘আমি লেখাপড়া জানি না। জামিনের জন্য আমার স্ত্রী আইনজীবীর সঙ্গে দেখা করে। মামলার কাগজপত্র দেখে আইনজীবী জানান যে আমি বাড়তি সাজা ভোগ করছি। পরে ৪২ দিন অতিরিক্ত সাজা খেটে মুক্তি পাই।’ এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই যারা দায়ী তাদের শাস্তি হোক। যাতে আর কাউকে একটি দিনও বাড়তি সাজা খাটতে না হয়।’