৪২ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মহানগরের আওয়ার লেডি অব ফাতিমা গালর্স হাইস্কুলের দুই সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিনের ওপর এসিড নিক্ষেপের ঘটনার প্রধান আসামি রিয়াদকে গত ৪২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার ওপর পুলিশ ওই মামলার অভিযোগপত্রও দেয়নি। গত ২১ এপ্রিল ওই দুই শিক্ষকের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় শিক্ষক আল আমিনের ভাই ওমর ফারুক বাদী হয়ে মামলা করেছিলেন। ওই মামলায় গত ১ মে রাতে মো. হোসেন ফাহাদ (১৮) নামের এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি রিয়াদ কুমিল্লা ত্যাগ করায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। শিগগিরই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। পুলিশ এ ক্ষেত্রে তৎপর রয়েছে। এদিকে চিকিৎসা নিয়ে কুমিল্লায় ফিরেছেন দুই শিক্ষক। তাঁদের একজন আল আমিন। তিনি বলেন, ‘এখনো মুখ এবং শরীর ব্যথা করছে। শরীরের ক্ষত সারেনি। গ্রীষ্মকালীন ছুটি শেষে ৯ জুন বিদ্যালয়ে যাব। তবে প্রধান হোতা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীন আছি।’ অন্য শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘চোখে ব্যথা পাচ্ছি। এখনো চোখের চারপাশের ক্ষত সারেনি।’