৪২ বছর পর নিজস্ব ভবনে চট্টগ্রাম নির্বাচন কার্যালয়
৪২ বছর পর ভাড়া বাড়ি ছেড়ে নিজস্ব ঠিকানায় গেল চট্টগ্রাম জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়। নগরের লাভ লেনের নতুন কার্যালয়ে একটি সার্ভার স্টেশন এবং ছয়টি থানা কার্যালয়ের দপ্তরও রয়েছে। তবে সার্ভার স্টেশন এখনো পুরোদমে চালু হয়নি।
২০১১ সালের ডিসেম্বর থেকে লাভ লেন পেট্রলপাম্পের পেছনে দশমিক ৩৩ একর জমিতে নির্বাচন কমিশনের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০১৩ সালে এর নির্মাণকাজ শেষ হয়। এর পর থেকে নতুন কার্যালয়ে ওঠার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু জাতীয় নির্বাচন এবং পরে উপজেলা নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। নির্বাচন শেষে চলতি মাসের প্রথম সপ্তাহে নতুন কার্যালয়ে উঠেছেন কর্মকর্তারা।
নিজস্ব ভবনে যাওয়ার কারণে বর্তমানে মাসে প্রায় ৫০ হাজার টাকা বাড়িভাড়া সাশ্রয় হবে। ১৯৭২ সাল থেকে জেলা নির্বাচন কার্যালয়টি ৩৫ জামালখানের একটি ভাড়া বাড়িতে ছিল। পর্যায়ক্রমে ওই ভবনের তিনটি মেঝেতে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং ছয়টি থানা কার্যালয়ও করা হয়। ওই বাড়ির তিনটি ফ্লোরের ভাড়া গুনতে হতো ৫০ হাজার টাকার বেশি।
তবে নতুন কার্যালয়ে গেলেও এখনো সার্ভার স্টেশন পুরোপুরি চালু হয়নি। সার্ভার স্টেশনের মাধ্যমে চট্টগ্রাম থেকে জাতীয় পরিচয়পত্রের ভুলভ্রান্তি সংশোধনের কথা ছিল। কিন্তু ওই জন্য সরঞ্জাম এখনো আসেনি। সার্ভার স্টেশনে চট্টগ্রাম অঞ্চলের সব পরিচয়পত্রের ডেটা সংরক্ষণ থাকবে বলে জানা গেছে। তবে কবে নাগাদ সার্ভার স্টেশন পুরোদমে চালু হবে, সে বিষয়ে কর্মকর্তারাও অবগত নন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন অফিসে উঠে গেছি। কাজও চলছে। সার্ভার স্টেশন কবে নাগাদ পুরোপুরি চালু হবে, তা এখনো জানি না। তবে আমরা পরিচয়পত্রের ভুলভ্রান্তি সংশোধনের আবেদন জমা নিয়ে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি।’
তিনতলাবিশিষ্ট নতুন এই কার্যালয়ের নিচতলায় রয়েছে ছয়টি থানা কার্যালয়ের দপ্তর। প্রতিটি মেঝেতে রয়েছে ৭০০ বর্গফুট জায়গা। দ্বিতীয় তলায় জেলা নির্বাচন কর্মকর্তা ও সার্ভার স্টেশনের জন্য বরাদ্দ। এ ছাড়া কিছু করণিক দপ্তরও সেখানে রয়েছে। তৃতীয় তলায় রয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তর। কার্যালয়ে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া নির্বাচনী সরঞ্জাম রাখার পৃথক কক্ষ রয়েছে। এ ছাড়া রয়েছে সম্মেলনকক্ষও।
কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘নতুন কার্যালয়টি বেশ গোছানো ও খোলামেলা। ভবিষ্যতে এখান থেকে নির্বাচনী দায়িত্ব পালন অনেক সহজতর হবে। সার্ভার স্টেশন হলে সেবার মান আরও বাড়বে।’